জনতা ব্যাংকের সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের ঘটনা ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে জনতা ব্যাংকের একটি শাখায় বিদেশ থেকে টাকা পাঠানোর ভুয়া ভাউচারের মাধ্যমে প্রায় সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই ব্যাংকেরই এক কর্মকর্তার বিরুদ্ধে। মশিউর রহমান মণ্ডল নামের ওই কর্মকর্তাকে র‌্যাব আটক করেছে। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আছেন। মশিউর রহমান মণ্ডল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিনের ছেলে। নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০০৮ সালে তিনি জনতা ব্যাংকে যোগদান করেন। সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি জনতা ব্যাংক সাভার শাখায় কর্মরত ছিলেন। ব্যাংকে কর্মরত অবস্থায় ৩০তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে নির্বাচিত হন। গত রোববার তাঁর ওই পদে যোগদান করার কথা থাকায় বৃহস্পতিবার তিনি ব্যাংকের চাকরি থেকে ইস্তফা দেন। বিদেশে কর্মরত ব্যক্তি বা ব্যবসায়ীদের পাঠানো টাকা দ্রুত প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ দেশের বিভিন্ন ব্যাংকের চুক্তি রয়েছে। চুক্তির শর্তানুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর জন্য বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা জমা দেবে। টাকা গ্রহণ করার পর ওই সব প্রতিষ্ঠান এ দেশের ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখাকে মেইলের মাধ্যমে পিনকোডসহ টাকার পরিমাণ ও প্রাপকের নাম জানিয়ে দেয়। মেইল পাওয়ার পর ওই সব শাখা থেকে প্রাপকের কাছে নগদ অর্থ তুলে দেওয়া হয়। জনতা ব্যাংক সাভার শাখা থেকে জানানো হয়েছে, মশিউর রহমান মণ্ডল ২০০৯ সালে সাভার শাখায় যোগদানের পর থেকে বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো টাকা দ্রুত প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন। ওই দায়িত্ব পালনকালে গত ২০ থেকে ৩১ মে পর্যন্ত আটটি ভুয়া ভাউচারের মাধ্যমে ব্যাংক থেকে ২১ লাখ ২৩ হাজার ১১০ টাকা আত্মসাৎ করেন। টাকা নিয়ে পালানোর সময় টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গত বৃহস্পতিবার র‌্যাব-১২-এর সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে দুই লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে রয়েছেন। এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে ওই দিনই (বৃহস্পতিবার) সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সহকারী শাখা ব্যবস্থাপক মো. হানিফ বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। জনতা ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক মো. আনিস উল হক জানান, ব্যাংকে কর্মরত অবস্থায় ৩০তম বিসিএসে অংশ নিয়ে মশিউর রহমান পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে নির্বাচিত হন। গত রোববার তাঁর ওই পদে যোগদান করার কথা থাকায় বৃহস্পতিবার তিনি ব্যাংকের চাকরি থেকে ইস্তফা দেন। কিন্তু তাঁর আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ায় ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি।