জনতা ব্যাংকের সিবিএ সভাপতির হাতে ডিজিএম লাঞ্ছিত
জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারদলীয় সিবিএ সভাপতি রফিকুল ইসলাম একজন উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সূত্র জানায়, গত মঙ্গলবার ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আমিনুর রহমানের অফিস কক্ষের বাইরে সিবিএ (আওয়ামী লীগ-সমর্থিত জনতা ব্যাংক কর্মচারী পরিষদ) সভাপতি নিজ হাতে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জসিমউদ্দিনকে লাঞ্ছিত করেন। এ সময় ডিজিএমের টাই ও জামা ধরে টানাটানি করে একপর্যায়ে খাক্কা মেরে তাঁকে ফেলে দেওয়া হয়।অভিযোগ রয়েছে, সিবিএ নেতারা নানাভাবে কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন অনেক দিন ধরে। কয়েক দফা তাঁরা কর্মকর্তাদের সঙ্গে বিরোধে লিপ্তও হয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার এমডির দপ্তরে জরুরি ফাইল নিয়ে দেখা করতে গিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ডিজিএম জসীম উদ্দিন লাঞ্ছিত হন। এ সময় একই বিভাগের জিএম জহিরুল আলম তাঁর সঙ্গে ছিলেন।রফিকুল ইসলাম অবশ্য মারধর করার বিষয় অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেন, ‘ধাক্কাধাক্কি হয়েছে’। জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না। জানলে তো তখন ওখানে আমি যেতামই না। হঠাৎ করে এসে আমার ওপর ওরা চড়াও হয়।’শুধু জসীম উদ্দিন নন, গত ডিসেম্বর মাসে সিবিএ নেতাদের রোষের মুখে পড়েন সরকারদলীয় অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও এজিএম নুরুল আলম নান্টওু। আর তাঁকে রক্ষা করতে এসে ডিজিএম মাহফুজুর রহমানও নাজেহাল হন। নুরুল আলম নান্টু তাঁর ওপর সিবিএ নেতার রোষের ঘটনা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা করার জন্য অফিসার কল্যাণ সমিতি কর্মকর্তাদের কাছ থেকে টাকা তুলছিল। এ বিষয়ে প্রধান নির্বাহীর কাছে কথা বলতে গেলে সিবিএ নেতারা তাঁর ওপর চড়াও হন। পরে এ নিয়ে এক অনুষ্ঠানেও তাঁকে রোষের মুখে পড়তে হয়েছে।