জনতা ব্যাংকের ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানের অংশ হিসেবে জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) পাঁচজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে অনুসন্ধান দলের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
জনতা ব্যাংকের এই পাঁচজন কর্মকর্তা হলেন: ব্যাংকটির করপোরেট শাখার এজিএম আবদুল্লাহ-আল-মামুন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ অফিসার জেসমিন খাতুন ও জিনিয়া জেসমিন এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার জেসমিন আখতার।
কমিশনের ‘তফসিলভুক্ত অপরাধের’ তালিকায় থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন হল-মার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধান কার্যক্রম বন্ধ ছিল। ফান্ডেড অংশের অনুসন্ধানের প্রায় দুই বছর পর গত ডিসেম্বরে এ-সংক্রান্ত অনুসন্ধান দল পুনর্গঠন করা হয়।