জনতার কারফিউ দেখার জন্য প্রস্তুত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি বাদ দিয়ে ‘জনতার কারফিউ’ দেখার জন্য ক্ষমতাসীন নেতাদের প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর দলের মুখপাত্রের দায়িত্ব পান তরিকুল ইসলাম। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকার ও তাদের ভূঁইফোড় নেতাদের বলতে চাই, রাজপথ অবরোধ দেখেছেন; মন্ত্রী-নেতাদের বাসায় সংগ্রামী জনগণ কীভাবে অবরোধ করে এবার তা দেখবেন। তাই খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুঁশিয়ারি বাদ দিয়ে নিজেদের আত্মরক্ষার কথা ভাবুন। জনতার দরবারে বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিন।’গত মঙ্গলবার এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ হরতাল-সহিংসতার কথা উল্লেখ করে বলেন, ‘এর সঙ্গে খালেদা জিয়াও যদি জড়িত থাকেন, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সরকার তাঁরও বিচার করবে।’ এ বক্তব্যের জবাবে তরিকুল ইসলাম আরও বলেন, ‘আমি সরকারকে জানিয়ে দিতে চাই, জনগণের পক্ষ থেকে কারফিউ জারি করা হবে। নতুন গজিয়ে ওঠা হুংকারসর্বস্ব সরকারি দলের নেতাদের খুঁজে বের করা হবে। যাঁরা অপকর্ম ও খুনের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ তিনি বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও দুঃশাসন থেকে জনগণকে পরিত্রাণ দিতে বিরোধীদলীয় নেতা প্রতিবাদী ভূমিকা পালন করছেন। এ জন্যই ক্ষমতাসীনদের গায়ে ‘কালাজ্বর’ দেখা দিয়েছে। তাই তাঁরা খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন। এতে লাভ হবে না। সরকারের বিদায়ের সাইরেন বাজছে। তরিকুল ইসলাম দাবি করেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর যে মামলা করা হয়েছে, সে গাড়ির চালক মো. আইনাল নিজেও জানেন না যে তিনি মামলার বাদী। তাঁর সই জাল করে ওই মামলা করা হয়েছে। এজাহারে যে গাড়ির নম্বর উল্লেখ করা হয়েছে, সেই গাড়ির চালক আইনাল নন। তিনি অবিলম্বে ফখরুলের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, রুহুল আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।