জনতার তোপের মুখে ইলিশ ছাড়তে হলো এসআইকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আলমাছ মামলার ভয় দেখিয়ে এক মাছ বিক্রেতার কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বৈদ্যের বাজার ফিশারি ঘাটে এ ঘটনা ঘটে। মাছ বিক্রেতা ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, গতকাল সকালে এসআই আলমাছ সাদা পোশাকে ওই ঘাটের পাইকারি ১০ জন মাছ বিক্রেতাকে সব ইলিশ মাছ এক জায়গায় করার নির্দেশ দেন। প্রথমে তিনি মাছগুলো কিনে নেওয়ার কথা বললেও পরে মামলার ভয় দেখিয়ে টাকা না দিয়েই মাছগুলো গাড়িতে ওঠানোর চেষ্টা করেন। এ সময় মাছ বিক্রেতা ও শতাধিক লোক ওই এসআইকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তিনি মুঠোফোনের মাধ্যমে কল করে অপর পুলিশ সদস্যদের বিষয়টি অবহিত করেন। এরই মধ্যে একজন সাংবাদিক ও স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় এসআই আলমাছ চলে যান।এসআই আলমাছ বলেন, ‘বড় ইলিশের সঙ্গে কিছু জাটকা ছিল। আমি জাটকা উদ্ধারের চেষ্টা করেছি।’ বড় ইলিশ টাকা ছাড়া কেন নিতে চাইলেন বলে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অবশ্যই মাছের ন্যায্য দাম দিতাম।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, আলমাছকে কোনো অভিযানে পাঠানো হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।