জনতার দাবির মুখে র্যাফেল ড্র বন্ধ
অবশেষে জনতার দাবির পরিপ্রেক্ষিতে নড়াইলের জেলা প্রশাসক অবৈধ জুয়ার নামে র্যাফেল ড্র ও জুয়া খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুল (ভিসি) মাঠে মাসব্যাপী হস্ত ও বস্ত্রশিল্প মেলায় র্যাফেল ড্রর অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন।
র্যাফেল ড্র বন্ধের দাবিতে গতকাল রোববার সচেতন নাগরিক সমাজের পূর্বঘোষিত জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে এ খেলা বন্ধের ঘোষণা দেন। নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আহম্মেদ, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এস এ মতিন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি শরীফ মুনির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা বেগম, নারীনেত্রী আঞ্জুমান আরা, রওশন আরা কবির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন প্রমুখ।