‘আমাদের রংপুর, আমাদের ভাবনা’ শীর্ষক স্লোগান-সংবলিত রংপুর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংগীত দল ‘রামবা’ এই অনুষ্ঠানের আয়োজন করে। কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সোমবার রাতে রামবার সভাপতি অজয় নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত জনগণের প্রশ্নের উত্তর দেন মেয়র পদপ্রার্থীরা। মেয়র নির্বাচিত হলে প্রথম কাজ কী হবে—সাংস্কৃতিক কর্মী মুকুল রহমানের এক প্রশ্নের উত্তরে মোস্তাফিজার রহমান বলেন, সাবেক পৌর এলাকার সঙ্গে বর্ধিত এলাকার যোগাযোগ উন্নত করা। নাগরিক ঐক্যের প্রার্থী ফারুক আজিজ বলেন, প্রথম কাজটিই হবে চার লেন সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করা। ওয়ার্কার্স পার্টির মাজিরুল ইসলাম বলেন, বেকার সমস্যা দূরীকরণে বাস্তবমুখী কাজ করা। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী বলেন, প্রধান সড়কে যানজট দূর করা। বিএনপির কাওছার জামান বলেন, মানুষের চলাচলের জন্য সড়কগুলোর করুণ দশা দূর করা। আর স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বলেন, বর্ধিত এলাকার রাস্তাঘাট উন্নত করা। নির্বাচনের আগে সব প্রার্থীই নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়ে বেড়ান। নির্বাচনে জয়লাভের পর এসব প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান, এ ক্ষেত্রে আপনাদের ভূমিকা নিয়ে কি কিছু বলবেন? রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলীর এমন এক প্রশ্নের উত্তরে মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান বলেন, ‘এ প্রশ্ন আমারও। কিন্তু নির্বাচিত হলে প্রতিশ্রুতি পালন করব ইনশাআল্লাহ।’ একই ধরনের উত্তর দেন অন্য প্রার্থীরাও। নির্বাচনে ১১ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে বাকিদের নিয়ে জনতার মুখোমুখি আরেকটি অনুষ্ঠান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।