জনতার বাধা, উচ্ছেদ হলো না কটিয়াদীর পৌর পরিষদ ভবন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রাচীন পৌর পরিষদ ভবন গতকাল মঙ্গলবার মালিক দাবিদার এক ব্যক্তির কাছে হস্তান্তর করতে গিয়ে জনতার বাধার মুখে ফিরে গেছেন ম্যাজিস্ট্রেট। ভবন হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।জানা যায়, ৫৯ শতাংশ ভূমির ওপর প্রতিষ্ঠিত ভবনটি কটিয়াদী পৌর কার্যালয় হিসেবে ব্যবহূত হয়ে আসছে। গাজীপুরের কাপাসিয়ার নয়নবাজার এলাকার জনৈক শৈলেন্দ্র চন্দ্র সাহা ২০০৭ সালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৌরসভাকে বিবাদী করে একটি মামলা করেন। কিন্তু আদালত বাদীর পক্ষে রায় দেন। পরে বিবাদীরা গত বছরের ১৯ এপ্রিল হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট রায় বহাল রাখেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাদী জেলা জজ আদালতে ওই ভবন থেকে পৌর কার্যালয় উচ্ছেদের মামলা করেন। গতকাল আদালতের আদেশ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ইবতিজা আহসান, আদালতের নাজির জসিম উ িদ্দন ও আবুল হোসেন অতিরিক্ত পুলিশসহ উচ্ছেদের জন্য যান।খবর পেয়ে হাজার হাজার মানুষ কটিয়াদী সদরে এসে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর বলেন, এক শ্রেণীর ভূমিদস্যু কটিয়াদীর ঐতিহ্যবাহী পৌর ভবন নামমাত্র মূল্যে গ্রাস করতে চায়। তিনি ম্যাজিস্ট্রেটের কাছে আইনি লড়াইয়ের জন্য ১৫ দিনের সময় চান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাজির ও পুলিশ এলাকা ত্যাগ করে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন ঐতিহ্যবাহী পৌর ভবন ও ভূমি রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন খাঁন জানান, ‘ভবনটি কোনো ব্যক্তির হাতে চলে যাক, তা আমরা চাই না।’নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ইবতিজা আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।