ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনের তিন মেয়র প্রার্থী গতকাল শনিবার ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক মুক্তমঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই অনুষ্ঠানে সুজনের জেলা শাখার সহসভাপতি আবদুল মান্নান সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম শিবলী।
‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফা, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মন্তাজ মিয়া ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সালাহ উদ্দিন আল হুসাইন চৌধুরী নির্বাচনের পরও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে পৌর এলাকার ভোটাররাও দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী, মাদক ব্যবসায়ীসহ অসৎ ব্যক্তিকে ভোট না দেওয়ার শপথ করেন।