জনতার মুখোমুখি অনুষ্ঠানে সমস্যা সমাধানের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া ও বাবুগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ভোটারদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। গতকাল সোমবার সুজনের উদ্যোগে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে তাঁরা এ আশ্বাস দেন। আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামে জনগণের মুখোমুখি হন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ইউপি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে গতকাল বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা সুজনের সভাপতি সিরাজুল ইসলাম সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার ভোটারদের প্রত্যাশার কথা শোনেন। বদিউল আলম মজুমদার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে তৃণমূলের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব। পরে বিকেল চারটায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রবিদ ইনস্টিটিউশনে আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে জনগণের প্রত্যাশা পূরণে আশ্বাস দেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।