জনতার মুখোমুখি চেয়ারম্যান প্রার্থীরা
নওগাঁর সাপাহারে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে উপজেলার আইহাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা জনতার মুখোমুখি হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে উপজেলার আশড়ন্দ উচ্চবিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সরকারি সম্পদের সুষ্ঠু বণ্টন, জনগণের পাশে থেকে কাজ করা এবং নির্বাচনের আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা।
সুজনের সাপাহার উপজেলা কমিটির সভাপতি নুরুল হক মাস্টারের সভাপতিত্বে জনতার মুখোমুখি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসরকারি সাহায্য সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ও সুজন নওগাঁ জেলার সমন্বয়কারী আছির উদ্দীন, সুজন সাপাহার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, আশড়ন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম, বিএনপির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রবিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।