নির্বাচিত হলে নাটোর পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করলেন তিন মেয়র পদপ্রার্থী। গত বুধবার সন্ধ্যায় নাটোরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁরা এই অঙ্গীকার করেন।
টিআইবির সহযোগিতায় নাটোরের সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি জালাল উদ্দিন। অনুষ্ঠানে বিএনপির মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী উমা চৌধুরী বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রথম নাটোর পৌরসভাকে দুর্নীতিমুক্ত করব। পৌরসভার সব রাস্তা চলাচলের উপযোগী করব। পৌরবাসীর স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়ন করব।’
জাতীয় পার্টি মনোনীত আবদুল মান্নাফ বলেন, ‘গত পাঁচ বছরে নাটোর পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। নগরবাসী আমাকে জয়যুক্ত করলে আমি পৌর প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনব ও নগরবাসীর কল্যাণে কাজ করে যাব।’
ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী মাহবুবুর রহমান বলেন, ‘নাটোরে একটু বৃষ্টি হলে চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যেন দেখার কেউ নেই। আমি নির্বাচিত হলে এ অবস্থার পরিবর্তন হবে।’
গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারে ‘যাঁদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চে জনতার মুখোমুখি অনুষ্ঠানে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহনেওয়াজ আলী, বিএনপি-মনোনীত মশিউর রহমান বাবলু (সাবেক দুবারের মেয়র), ওয়ার্কার্স পার্টি মনোনীত সুলতান আহম্মেদ উপস্থিত ছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। মেয়র প্রার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থীরাও।
পৌরসভাটিতে চার মেয়াদে তিনজন মেয়র ক্ষমতায় ছিলেন। কিন্তু এত দিন পেরিয়ে গেলেও মেলেনি শতভাগ নাগরিক সেবা। যৎসামান্য যা উন্নয়ন হয়েছে, তা কেবল অবকাঠামোগত। এ কারণে বিক্ষুব্ধ পৌরবাসী। তবু নির্বাচনকে ঘিরে তিন মেয়র প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে পৌরবাসীকে অঙ্গীকার করেছেন। তাঁরা বলেন, নির্বাচিত হলে শিশুপার্ক, অডিটোরিয়াম, স্টেডিয়াম, কমিউনিটি সেন্টারসহ মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
বুধবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গুরুদাসপুর উপজেলা কমিটির উদ্যোগে চাঁচকৈড় বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির গুরুদাসপুর উপজেলা সভাপতি মোবারক হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বক্তৃতা করেন আইনজীবী শাওন, সাংবাদিক আতহার হোসেন ও শাহজাহান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।