২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার জনতার মুখোমুখি হন মেয়র পদপ্রার্থীরা।সুশাসনের জন্য নাগরিক (সুজন), জেলা ও মহানগর কমিটি আয়োজিত এ অনুষ্ঠান রংপুর টাউন হল চত্বরে বেলা ১১টায় শুরু হয়। এতে ১২ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে ১০ জন উপস্থিত থেকে জনগণের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।এক প্রশ্নের উত্তরে মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র পদপ্রার্থী সাফিউর রহমান বলেন, ‘সব মানুষকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও করব, ইনশা আল্লাহ।’ নারীদের কর্মমুখী করে তুলতে আপনি কী ধরনের কাজ করতে চান? এমন এক প্রশ্নের উত্তরে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করা জাপা পৌর কমিটির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম আবদুর রউফ মানিক বলেন, ‘আবার নির্বাচিত হলে কাজের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেব।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে নানা প্রশ্নের উত্তর দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদ, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের পদত্যাগ করা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, নাগরিক মঞ্চের ব্যানারে ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম লিটন, বিএনপির কাওছার জামান বাবলা, সদর উপজেলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী, বাসদ-সিপিবির আবদুল কুদ্দুস, নাগরিক ঐক্যের ফারুক আজিজ ও স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার।