জনতার রায়ের প্রতি শ্রদ্ধা থাকা উচিত: মনমোহন

মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া তাঁর শেষ ভাষণে জনগণের উদ্দেশে বলেছেন, ‘আপনারা যে রায় দিয়েছেন, তার প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা থাকা উচিত।’
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে মনমোহন বলেন, ‘আমার জীবন ও মেয়াদকাল একটি খোলা বইয়ের মতো।’
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করার আগে মনমোহন সিং গতকাল শনিবার বিকেলে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে বসেন। বিদায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নৈশভোজের আয়োজন করেন। সেখানে মনমোহন এসব কথা বলেন।
মনমোহন বলেন, ভারতবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সবসময় চেষ্টা করেছি। তিনি বলেন, এক দশক আগে ভারত যা ছিল তার চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী।
৮১ বছর বয়সী মনমোহন বলেন, ‘আমি আমার দেশ ভারতের কাছে কৃতজ্ঞ। আমি এ দেশের একজন সুবিধাবঞ্চিত নাগরিক। কিন্তু তা সত্ত্বেও আমি ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দায়িত্ব পেয়েছি। এ ঋণ আমি কখনো শোধ করতে পারব না।’ নতুন সরকার জাতির আশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভারতের সাধারণ নির্বাচনে এবারই সবচেয়ে খারাপ ফলাফল কংগ্রেসের। লোকসভায় প্রধান বিরোধী দল হিসেবে শক্তভাবে দাঁড়াতে যে আসন দরকার, সেটা নিয়েই এখন হিমিশিম খাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী এই পরাজয়ের দায় স্বীকার করেছেন।