জনতার শেষ সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (৬২) পাকস্থলীতে ক্যানসারে আক্রান্ত হয়ে গত বুধবার তাঁর নিজ বাড়িতে মারা যান।গতকাল বৃহস্পতিবার মেহেরপুর শামসুজ্জোহা পার্কে মোজাম্মেল হকের প্রতি নাগরিকদের শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর নিজ গ্রাম মেহেরপুর সদর উপজেলার বুড়িপোঁতা ইউনিয়নের হরিরামপুরে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম না থাকায় মোজাম্মেল হক গার্ড অব অনার পাননি। শামসুজ্জোহা পার্কে জানাজায় অংশ নেওয়া নাগরিকেরা মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ডান হাত উঁচিয়ে শেষ সালাম প্রদর্শন করেন। উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা ন্যাপ, অরণি থিয়েটার, বঙ্গবন্ধু শিশু সাংস্কৃতিক সংগঠন, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে মরহুমের প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানায়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।