জনতার শ্রদ্ধায় ভাষা-মতিনের চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল ভাষাসৈনিক আবদুল মতিনের মরদেহ নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান l ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল ভাষাসৈনিক আবদুল মতিনের মরদেহ নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান l ছবি: প্রথম আলো

সেই ঢাকা মেডিকেল কলেজের আমতলা, সেই কেন্দ্রীয় শহীদ মিনার। যেখানে ছিল তাঁর দৃপ্ত পদচারণ। সেখানেই ফিরে এলেন তিনি ৬২ বছর পর। এবার নীরব, নিস্পন্দিত দেহে। পাশে ছিলেন বেদনাহত সঙ্গী, সহযোদ্ধা ও অজস্র সুহৃদ। ফুলে ফুলে শবাধার ভরিয়ে দিয়ে অনুগমন করেছেন তাঁরা। শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় দিয়েছেন ভাষাসংগ্রামী আবদুল মতিনকে।
গতকাল বৃহস্পতিবার মহান ভাষা আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বদানকারী আবদুল মতিনকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সর্বস্তরের জনসাধারণ জানিয়েছে অন্তিম শ্রদ্ধা। গত বুধবার সকাল নয়টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রাতে সেখানেই হিমঘরে রাখা হয়েছিল মরদেহ। আগের ঘোষণা অনুসারে গতকাল দুপুর ১২টায় বিএসএমএমইউর আয়োজনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনপর্বের আয়োজন করা হয়।
পরিকল্পনা কিছুটা বদলে ছিল। আগের দিন জানানো হয়েছিল, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিধন্য ঢাকা মেডিকেল কলেজের আমতলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হবে শোকযাত্রা করে। তবে গতকাল হিমঘর থেকে মরদেহ সরাসরি আমতলায় নেওয়া হয়। সেখানে শববাহী গাড়ি কিছুক্ষণ রেখে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মিনারের পাদদেশে গগনশিরীষ বীথির তলায় স্থাপিত শোকমঞ্চে রাখা হয় তাঁকে। মরদেহ আনার আগেই শহীদ মিনার প্রাঙ্গণে ছুটে এসেছিলেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ। পুষ্পস্তবক নিয়ে সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এখানে মরদেহ আনার পর বিএসএমএমইউর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। মরদেহের পাশে ছিলেন ভাষাসংগ্রামে তাঁর সহযোদ্ধা আহমদ রফিক, আবদুল গফুর, পরিবারের সদস্যরা, বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ অনেকে।
শ্রদ্ধা নিবেদনপর্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিনসহ দলের নেতারা পুষ্পস্তবক অপর্ণ করেন। বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। তবে শেষ বিদায়কালে ভাষাসৈনিক আবদুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ায় অনেকেই উষ্মা প্রকাশ করেন।
শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ভাষা-মতিনকে শ্রদ্ধা ও সম্মান না জানালে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানানো সম্ভব নয়।’ ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু বলেন, ‘ভাষাসৈনিক আবদুল মতিনের নাম বাংলার আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাঁর তিরোধানে জাতি শ্রেষ্ঠ সন্তানকে হারাল। তাঁকে যথাযথ মর্যাদা দিতে না পারাটা আমাদের ব্যর্থতা। এর মধ্য দিয়ে আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হলাম।’
ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, আমীরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রাবন্ধিক-কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান রনো, পঙ্কজ ভট্টাচার্য, খালেকুজ্জামান, শরীফ নুরুল আম্বিয়া ও সাংসদ শিরিন আক্তারসহ অনেকে।
এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষাসৈনিক আবদুল মতিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে ছিল ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ,গণতন্ত্রী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বাম মোর্চা, গণফোরাম, ন্যাপ, ঐক্য ফোরাম, গণফ্রন্ট, গণতান্ত্রিক মজদুর পার্টি, সম্মিলিত সামাজিক আন্দোলন, নাগরিক ঐক্য, জাতীয় শ্রমিক লীগ, গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, কর্মজীবী নারী, বিএমএ, স্বাচিপ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ক্ষেতমজুর সমিতি। এ ছাড়া ছিল গণজাগরণ মঞ্চ, মহিলা পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, ভাসানী অনুসারী পরিষদ, নারী মুক্তি কেন্দ্র, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমী, গণগ্রন্থাগার অধিদপ্তর, এশিয়াটিক সোসাইটি, জাতীয় কবিতা পরিষদ, উদীচী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, ভাসানী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, নজরুল ইনস্টিটিউট, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা কমিটি, শ্রুতি সাংস্কৃতিক একাডেমী, ক্রান্তি, স্রোত আবৃত্তি সংসদ, চীন মৈত্রী সমিতি, নারীপক্ষ, নারী সাংবাদিক কেন্দ্র, দনিয়া সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে আবদুল মতিনের

স্ত্রী গুলবদন নেসা জানান, ২০০৬ সালে ভাষাসৈনিক আবদুল মতিন সজ্ঞানে মরণোত্তর চক্ষু ও দেহ দান করেছিলেন। তিনি নতুন প্রজন্মকে ভাষাসৈনিক আবদুল মতিনের আদর্শ অনুসরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তোলার কাজে আত্মনিবেদনের আহ্বান জানান। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুল আলম চৌধুরীর কাছে মরহুমের মরদেহ হস্তান্তর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ সমাপনী বক্তব্যে বলেন, যে জীবন সংগ্রামের, গৌরবের, উৎসর্গের, সেই জীবনের নাম আবদুল মতিন। মহান ভাষা আন্দোলনের সূতিকাগার ছিল যে ঢাকা মেডিকেল কলেজ, তিনি সেই কলেজের শিক্ষার্থীদের চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে দেহ দান করে গেছেন। জাতীয় মুক্তির আন্দোলনে ছিলেন অনমনীয়, চেতনার আলো প্রজ্বলিত করেছিলেন। তরুণ প্রজন্মকে সেই আদর্শ অনুসরণের প্রেরণা দিয়ে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।
শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে ফুলে ফুলে ছেয়ে যাওয়া শবাধারটি নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে।
শনিবার স্মরণানুষ্ঠান: সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, কাল শনিবার বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে গান, আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে ভাষাসৈনিক আবদুল মতিনের স্মরণানুষ্ঠান করা হবে।