জনতার সংগ্রাম চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতার সংগ্রাম চলছেই। গতকাল রোববার জাহাঙ্গীরনগর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। চট্টগ্রামে গণজাগরণমঞ্চে শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: স্কুল শেষ করেই তারা বসে পড়েছে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের সামনে। সবার সঙ্গে বলেছে, ‘ক থেকে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার।’ জামালখানের সেন্ট মেরিস ও এজি চার্চ স্কুলের শিক্ষার্থীদের বড় একটি অংশ গতকাল রোববার বিকেলে ভিড় করেছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান এই আন্দোলনে। টানা পঞ্চম দিনের মতো বন্দরনগর চট্টগ্রামে চলছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ। গতকাল উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। তারপর শুরু হয় গণসংগীত ও স্লোগান। ঢাকার সঙ্গে মিল রেখে চট্টগ্রামের এ সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম’।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ‘গণজাগরণ মঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে সংহতি প্রকাশ করে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘জাতি কাদের মোল্লার যাবজ্জীবন শাস্তির রায় প্রত্যাখ্যান করেছে। আজকের গণজাগরণ মঞ্চ প্রমাণ করে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যুদ্ধাপরাধীদের জায়গা নেই।’সাভার: ‘তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিক কমিটির’ ব্যানারে দুপুর ১২টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ব্যস্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এর পর তাঁরা স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সন্ধ্যা পর্যন্ত গণসংগীত পরিবেশনের পাশাপাশি নানা স্লোগান দেন। গাজীপুর: কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে সকাল ১০টা থেকে মোমবাতি জ্বালিয়ে, ঢাকঢোলের তালে বিভিন্ন স্লোগানের মাধ্যমে অবস্থান কর্মসূচি পালিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে নানা শ্রেণী-পেশার মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অন্যদিকে গতকালও গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তমঞ্চে কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। টঙ্গী (গাজীপুর): টঙ্গীর স্টেশন রোডে মুক্তমঞ্চ তৈরি করে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মো. জাহিদ আহসান রাসেল মুক্তমঞ্চে সব শ্রেণী-পেশার মানুষ নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। গতকাল সেখানে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়।