নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা। এতে ওই সড়কে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন এক ঘণ্টা পর পর বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এলাকাবাসী জানান, ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকায় মাত্র তিন-চার ঘণ্টা বিদ্যুৎ থাকে। সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত এক ঘণ্টাও বিদ্যুৎ দেওয়া হয় না। রাতে কখনো দেওয়া হলেও ১০-১৫ মিনিট পরই চলে যায়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুতের দাবিতে বিক্ষোভে অংশ নিতে গতকাল সকাল থেকেই বাজার এলাকায় জড়ো হতে থাকে। সকাল সাড়ে নয়টার মধ্যে কয়েক হাজার মানুষ সেখানে সমবেত হয়। পরে তারা মধ্যম বাজারে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে। তারা রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের দুই দিকে আটকা পড়ে শত শত যানবাহন। বেলা ১১টার দিকে জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসে আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা জনতাকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে ইউএনও খন্দকার নুরুল হক জনতার উদ্দেশে বক্তব্য দেন। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের ঘোষণা অনুযায়ী এক ঘণ্টা পর পর বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ জনতা শান্ত হয়। পরে পুলিশ সড়কের ওপর থেকে গাছের গুঁড়ি সরিয়ে নেয়। দুপুর পৌনে একটা থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জানতে চাইলে জি এম মাহবুব নামের এক বিক্ষোভকারী প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো দল কিংবা গোষ্ঠীর বিক্ষোভ নয়। সাধারণ মানুষের প্রতিবাদ। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিদ্যুৎ না থাকায় মানুষ বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।’নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সবুজ কান্তি আচার্য বলেন, তাঁরা বর্তমানে চরম সংকটের মধ্যে রয়েছেন। দিনে ৪০ মেগাওয়াট চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ দেওয়া হয় মাত্র ১২-১৪ মেগাওয়াট। আর রাতে ৬০ মেগাওয়াট চাহিদার বিপরীতে দেওয়া হয় ১৮ মেগাওয়াট। তিনি বলেন, সব জায়গায় একই অবস্থা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।ইউএনও খন্দকার নুরুল হক বলেন, ক্ষুব্ধ জনতাকে অনেক বুঝিয়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে।