জনতার হাতে আটক শিবিরের নেতা-কর্মীদের ছেড়ে দিল শ্রমিক দল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল শুক্রবার রাস্তা অবরোধ, তিনটি যান ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তবে শিবিরের তিন নেতা-কর্মীকে আটকের পর শ্রমিক দলের নেতারা টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শিবিরের ওই তিন নেতা-কর্মী হলেন উপজেলার গুনাহার ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি আবদুল আজিজ, শিবিরের কর্মী খাদেমুল ইসলাম ও শাহীন আলম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতের দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা চৌমুহনী বাজারে একটি ট্রাক্টর, বারমাইলে একটি ট্রাক ভাঙচুরসহ তালুচ বাজারে একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেন। এ সময় স্থানীয় লোকজন তালুচে শিবিরের ওই তিন নেতা-কর্মীকে আটক করেন। পরে তাঁদের গুনাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির বাড়িতে আটকে রাখা হয়। এ সময় আটক ব্যক্তিদের অভিভাবকেরা এসে ট্রাকের ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তবে এলাকার অনেকের অভিযোগ, স্থানীয় শ্রমিক দলের নেতারা মোটা অঙ্কের টাকা নিয়ে শিবিরের ওই তিন নেতা-কর্মীকে পালানোর সুযোগ করে দিয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলা নির্বাচন কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেন।
অভিযোগ অস্বীকার করে গুনাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু কালাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, শিবিরের ওই তিনজন নেতা-কর্মীকে তাঁর বাড়ির একটি ঘরে আটকে রাখা হয়। তাঁদের অভিভাবকেরা ট্রাকের ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) মহসিন আলী বলেন, ‘আটক শিবিরের নেতা-কর্মীরা গত ৩ মার্চের উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও কয়েকটি বাড়ি পোড়ানোর মামলার আসামি ছিল। গতকাল তাদের গ্রেপ্তারের জন্য ওই এলাকায় গিয়ে শুনি, তারা ঘরের দরজা ভেঙে পালিয়ে গেছে।’