জনতার হাতে আটক হরিণটিকে ছাড়া হলো বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সিকরিয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে জনতার হাতে একটি হরিণ ধরা পড়ে। পরে বন বিভাগ হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া পাহাড়ে অবমুক্ত করে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন থেকে বেরিয়ে আসা ওই হরিণটি (স্থানীয়ভাবে শিঙাল হরিণ নামে পরিচিত) পৃথিমপাশা ইউনিয়নের সিকরিয়া গ্রামবাসীর নজরে পড়ে। এ সময় তারা ধাওয়া করে হরিণটিকে ধরে ফেলেন।
এ ঘটনা জানাজানি হলে স্থানীয় মুরইছড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সদস্যরা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান। পরে বন বিভাগ হরিণটিকে অবমুক্তির জন্য প্রকাশ্য স্থানে নিয়ে আসে।
জনসাধারণের ব্যাপক উপস্থিতির কারণে ভীতসন্ত্রস্ত হরিণটি দৌড়ানোর সময় সামনের ডান পায়ে আঘাত পায়। এ সময় হরিণটির পায়ে সেলাই দেওয়া হয়।
চিকিৎসা শেষে গতকাল বিকেলে কর্মধা ইউনিয়নের মুরইছড়া পাহাড়ে প্রাণীটিকে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা, বিজিবির মুরইছড়া ক্যাম্পের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলার মুরইছড়া বিট কর্মকর্তা মো. আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘হরিণটি আহত হওয়ায় বনের গহিনে যেতে সময় নিচ্ছে। লোকজন যাতে হরিণটিকে ধরতে না পারে এ জন্য আমাদের লোকজন পাহারায় আছে। এ ছাড়া স্থানীয় লোকজনকেও হরিণ না ধরার জন্য সতর্ক করা হয়েছে।’