
গুপ্তহত্যা ও জঙ্গি হামলা প্রতিরোধে আবারও জনতার হাতে লাঠি ও বাঁশি তুলে দিল পুলিশ। গতকাল মঙ্গলবার মেহেরপুর এবং যশোরের বেনাপোলে সাধারণ মানুষের হাতে এসব তুলে দেন পুলিশের কর্মকর্তারা।
এর আগে গত ১৪ জুন চুয়াডাঙ্গায় এবং ১৬ জুন মেহেরপুরের কয়েকটি গ্রামে একইভাবে সমাবেশ করে স্থানীয় মানুষের হাতে লাঠি-বাঁশি তুলে দেয় পুলিশ। পুলিশ বলছে, মানুষের মনোবল ও সচেতনতা বাড়াতে এ কর্মসূচি নেওয়া হচ্ছে।
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান গতকাল দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বালক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় সাধারণ মানুষের মধ্যে লাঠি ও বাঁশি বিতরণ করেন। তিনি বলেন, প্রতিটি পাড়া-মহল্লা-গ্রাম-গঞ্জে অপরিচিত কাউকে দেখলে তাঁদের পরিচয় জানতে হবে। পরিচয় না দিলে সঙ্গে সঙ্গে র্যা ব, পুলিশ অথবা বিজিবিকে জানাতে হবে। প্রয়োজনবোধে ঐক্যবদ্ধ হয়ে তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।
সভায় মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, পর্যায়ক্রমে জেলার গুরুত্বপূর্ণ গ্রামগুলোতে লাঠি-বাঁশি বিতরণ করা হবে।
আর যশোরের বেনাপোলে গতকাল দুপুরে ৫০০ জনের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান বেনাপোল বন্দর থানায় জনগণের হাতে এ লাঠি-বাঁশি তুলে দেন।
বেনাপোল থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার ৩টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের মানুষ থানায় এসে লাঠি-বাঁশি নিয়ে গেছেন।