জনতার হাতে মূল হোতা আটক, পুলিশেসোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে প্রেমের ফাঁদে ফেলে মাদ্রাসাছাত্রীকে ভারতের মুম্বাইয়ে পাচারের প্রধান হোতা নাজমুল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার রাতে এলাকাবাসীর হাতে আটক হন তিনি।

পাচার হওয়া মেয়েটির বাবার দায়ের করা মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, উপজেলার একটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে কেশবপুর পৌরসভার হাবাসপোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে নাজমুল প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০১২ সালের ২৯ অক্টোবর বিয়ের কথা বলে মেয়েটিকে তাঁর কাছে চলে আসতে বলেন। মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এলে তিনি তাঁর সঙ্গী তরুণ রায়, রবিউল ও আবু তালেবের মাধ্যমে তাকে ভারতে পাচার করেন। মুম্বাইয়ের একটি হোটেল থেকে মেয়েটি মুঠোফোনে পরিবারকে ঘটনাটি জানায়। পরে পরিবারের চেষ্টায় ২২ দিন পর মুক্তিপণের মাধ্যমে ২০ নভেম্বর মেয়েটিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

মেয়েটির বাবা জানান, লোকলজ্জায় তাঁর মেয়ে আর মাদ্রাসায় যাচ্ছে না। কারও সঙ্গে বিশেষ কথাও বলে না। বেশির ভাগ সময় এখন মামা বাড়িতে থাকে। তা ছাড়া মেয়েকে উদ্ধারে তাঁর সামান্য যে জমিজমা ছিল তাও বিক্রি করতে হয়েছে। এখন ভিটা ছাড়া আর কিছু নেই।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মেয়েটির পাচারের ঘটনায় থানায় একটি মামলা করেন তার বাবা। তখন পুলিশ তরুণ রায়কে গ্রেপ্তার করে। কিন্তু প্রধান আসামি নাজমুল পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। অবশেষে গত বুধবার রাত নয়টার দিকে গোপনে বাড়ি আসার পথে হাবাসপোল রাস্তা থেকে এলাকাবাসী নাজমুলকে আটক করে পুলিশে দেয়। তাঁকে গতকাল বৃহস্পতিবার যশোর আদালতে পাঠানো হয়েছে। তরুণ জেলখানায় এবং অপর দুই আসামি রবিউল ও তালেবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।