জনতার হাতে লাঞ্ছিত জনপ্রতিনিধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা এবং এলাকার উন্নয়ন না করায় কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) দলীয় সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম ওরফে মুকুল জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন। ঈদ উপলক্ষে গত রোববার জনসংযোগ করতে গিয়ে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকায় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন তিনি। এ সময় ক্ষুব্ধ লোকজন তাঁর গাড়ি ভাঙচুর করে।সাংসদ বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে আশ্রয় নিলে জনতা এক ঘণ্টা তাঁকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নূর আকতারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজাহারুল ইসলাম ও ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খরা, বন্যাসহ দুর্যোগ ও বিপদের দিনে জনগণের পাশে না থাকায় এবং এলাকার রাস্তাঘাটের উন্নয়ন না করায় সাধারণ জনগণ সাংসদের ওপর ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’ রাজারহাটের ইউএনও এস এম মাজাহারুল ইসলাম জানান, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। রাজারহাট থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর উপজেলা ও রাজারহাট উপজেলার বিদ্যানন্দ, চাকিরপাশা, ওমর মজিদ ও নাজিমখান ইউনিয়ন নিয়ে গঠিত) সাংসদ এ কে এম মাঈদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি লাঞ্ছিত ও অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘এটি মিডিয়ার সৃষ্টি।’ তবে গাড়িতে ঢিল ছোড়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি।