জনদুর্ভোগ চরম হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি রাজনৈতিক দল। এ সিদ্ধান্তকে অন্যায় ও অযৌক্তিক বলে তা বাতিলের দাবি করেছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, এতে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসেই বিদ্যুতের দাম দুই দফায় ২১ দশমিক ২৮ শতাংশ বাড়ায়। প্রথম দফায় ১ ডিসেম্বর থেকে এবং দ্বিতীয় দফায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও কুইক রেন্টালে ভর্তুকি প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বিকেল চারটায় বিক্ষোভ মিছিল ও জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। বাসদের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বাসদ নেতারা বলেন, ৩০০ কোটি টাকা ভর্তুকি না দেওয়ার কারণে এই মূল্যবৃদ্ধি। অথচ সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বেসরকারি কুইক রেন্টাল বিদ্যুৎ কোম্পানি থেকে কুইক মুনাফার জোগান দিচ্ছে। তাঁরা ২৯ ডিসেম্বর তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানান। জামায়াতের ঢাকা মহানগর কমিটি গতকাল বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। মতিঝিল সেনাকল্যাণ ভবনের কাছ থেকে মিছিলটি শুরু হয়ে কমলাপুর সড়কে শেষ হয়। অন্যদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে ফের বিদু্যুতের দাম বাড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পৃথক বিবৃতিতে বলেন, কুইক রেন্টাল থেকে কয়েক গুণ বেশি দামে বিদ্যুৎ কেনার সরকারের অপরিণামদর্শিতার ফলে বিদ্যুতের দাম অস্বাভাবিক বাড়ছে। সরকারের এই ভুল সিদ্ধান্তের মাশুল জনগণ দিতে পারে না।পৃথক বিবৃতিতে বাংলাদেশ ইসলামিক পার্টি বিদু্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জানিয়েছে।