জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নিতে খুলনা ওয়াসার প্রতি মেয়রের আহ্বান
খুলনা ওয়াসার পাইপলাইন বসানোর কাজে রাস্তা খোঁড়াখুঁড়ি করায় সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াসার প্রতি আহ্বান জানিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনের ৩৪তম মুলতবি সাধারণ সভায় এই আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ওয়াসা কর্তৃক পাইপলাইন স্থাপনকল্পে খুঁড়ে রাখা রাস্তা মেরামতকাজের মান ও অগ্রগতি কাঙ্ক্ষিভাবে হচ্ছে না।
অনেক ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্রের (এমওইউ) শর্ত লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, মতিয়াখালী ও নবীনগর তমিজউদ্দিন সড়ক-সংলগ্ন খালের ড্রেনের ওপর দিয়ে পাইপ স্থাপন করায় পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মেয়র ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ওয়াসা খুলনাবাসীর আন্দোলনের ফসল। ওয়াসার জন্ম থেকে এ পর্যন্ত সব ক্ষেত্রে কেসিসি সহযোগিতা দিয়ে আসছে। সিটি মেয়র একে অন্যের ওপর দোষ না চাপিয়ে নিজ নিজ দায়িত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।