জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি দেওয়ার বিপক্ষে বিএনপি
বিএনপির কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতারা জনদুর্ভোগ হয়—এমন কর্মসূচি না দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আগের সিদ্ধান্ত বহাল আছে। জানা গেছে, ১১ জুনের জনসভা সামনে রেখে ঢাকা মহানগর ও ঢাকা ও এর পাশের জেলার নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক এসব নিয়ে আলোচনা হয়েছে। গতকাল রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকের একটি সূত্র প্রথম আলোকে জানায়, খালেদা জিয়া বলেছেন, জনগণ সরকারের ওপর অতিষ্ঠ। তারা এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই এমন কোনো কর্মসূচিতে যাওয়া ঠিক হবে না, যাতে জনগণ কষ্ট পায়।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।