জনদৃষ্টি ফেরাতে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা: বিএনপি
‘পাতানো নির্বাচন’ নিয়ে প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার এক বিবৃতিতে আত্নগোপনে থাকা মির্জা ফখরুল এ দাবি করেন। তিনি এসব হামলার নিন্দা জানান। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলা মোকাবেলা ও নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা নিতে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে আহ্বান জানান। মির্জা ফখরুল আরও দাবি করেন, সরকার নিজেদের লোকদের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়েছে। আর এর দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর। তিনি অনির্দিষ্টকালের লাগাতার অবরোধ চালিয়ে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আসল সন্ত্রাসীদের বিচার দাবি: গতকাল দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল (অব.) মাহবুবুর রহমান নিজ বাসায় সংবাদ সম্মেলন করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানান। তিনি দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িত ‘আসল’ সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচার ও শাস্তি দাবি করেন।
মাহবুবুর রহমান বলেন, যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা দুর্বৃত্ত, তারা আমাদের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে কালিমা লেপন করতে চায়। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।