জননিরাপত্তা কমিটি গঠন নিয়েও শিবগঞ্জ বিএনপিতে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননিরাপত্তা কমিটি গঠন নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভক্তি দেখা দিয়েছে। উপজেলা বিএনপির বিবদমান দুটি পক্ষ পৃথক দুটি কমিটি গঠন করেছে। এ নিয়ে স্থানীয় বিএনপিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত-শিবিরের সন্ত্রাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সারা দেশে পুলিশ-র‌্যাব ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় জননিরাপত্তা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গণতন্ত্র রক্ষার সংগ্রামে নিয়োজিত রাজনৈতিক দল ও সব সামাজিক শক্তিকে নিয়ে এ কমিটি গঠন হওয়ার কথা। বিএনপির উচ্চপর্যায়ের এ ঘোষণার পর ১২ মার্চ শিবগঞ্জ উপজেলা বিএনপির বিবদমান দুই পক্ষ জননিরাপত্তা কমিটিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠে।একপক্ষ বিএনপির দলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমানকে উপদেষ্টা, উপজেলা বিএনপির সভাপতি কামাল সেলিমকে আহ্বায়ক ও পৌর মেয়র মতিয়ার রহমানকে সদস্যসচিব করে ২৭ সদস্যবিশিষ্ট জননিরাপত্তা কমিটি গঠন করে। আরেকপক্ষ ১০ মার্চ জামায়াতের সাবেক সাংসদ মাওলানা শাহাদাতুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলমকে সমন্বয়কারী করে ১৩ সদস্যবিশিষ্ট জননিরাপত্তা কমিটি গঠন করে। এ কমিটিতে উপজেলা বিএনপির নেতা শাহ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামসহ এ পক্ষের অনুসারীদের রাখা হয়েছে। জননিরাপত্তা কমিটি নিয়ে দলের মধ্যে এ বিভক্তি সাধারণ নেতা-কর্মীদের বিব্রত করে তুলেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে উপজেলা বিএনপির দুটি পক্ষের নেতা-কর্মীরা কেউ কাউকে সহ্য করতে পারছেন না। আগামী সংসদ নির্বাচনে নিজেদের সমর্থনের পাল্লা ভারী রাখতে শুধু জননিরাপত্তা কমিটিই নয়, বিএনপির বিভিন্ন পর্যায়ে পাল্টাপাল্টি কমিটি গঠন শুরু করেছে।জানতে চাইলে জলিল বলেন, ‘আমরাই প্রকৃত বিএনপি। অপরপক্ষ সুবিধা নেওয়ার জন্য দল করে। তারা দলের কোনো কর্মসূচিতে থাকে না।’ উপজেলা বিএনপির সভাপতি কামাল সেলিম বলেন, ‘১৮ দলীয় জোটের নেতাদের নিয়ে জননিরাপত্তা কমিটি করা হয়েছে। এ কারণে আমাদেরটাই মূল কমিটি। অপরপক্ষ ঘরে বসে কমিটি করেছে।’