জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল বুধবার দায়িত্ব নেওয়ার পর তিনি ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রত্যাশা করি আগামী দিনগুলোতে জননিরাপত্তা এবং জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির যেকোনো ভালো উদ্যোগকে আপনারা সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রচার করে সহায়তা করবেন। জনমত সৃষ্টিতে আপনারা আগের মতোই কার্যকর ভূমিকা রাখবেন।’
ডিএমপি কমিশনার বলেন, তিনি নগরবাসীর নিরাপত্তা বিধানে সুধীজনদের পাশাপাশি সাংবাদিক ভাইদের সহযোগিতা পাবেন। সবাই মিলে বেটার অ্যান্ড সেফার ঢাকা সিটি নির্মাণে একযোগে এবং একসঙ্গে কাজ করবেন। নগরবাসীর নিরাপত্তা বিধানে যা যা করণীয় সেটা করবেন। কেউ যদি জনগণের সম্পদ লুণ্ঠন করে, আগুন লাগায়, বিশৃঙ্খলা তৈরি করে, গাছ কাটে, জনজীবন বিঘ্নিত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে অবস্থান হবে আপসহীন ও কঠোর। জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।