জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জুমে অনুষ্ঠিত এক সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. আখতার হোসেন। হাসপাতালে নেওয়ার পর এনজিওগ্রাম করে জানা গেছে, তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁর বাইপাস সার্জারি করার কথা রয়েছে।
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের জন্য আজকের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভাটি ছিল পূর্বনির্ধারিত। প্রধানমন্ত্রী গণভবন থেকে এ সভায় যোগ দেন। অন্যদিকে জ্যেষ্ঠ সচিব মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বসে জুমে অংশ নেন। এ ছাড়া রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সরকারের অন্য মন্ত্রী ও সচিবরা জুমে অংশ নেন।
সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শুরু হয়। সভা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আখতার হোসেন।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মোকাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, ‘সভা চলাকালীন তাঁর (সচিব) শরীর খারাপ লাগার কথা জানান। পরে তাঁকে চেকআপের জন্য ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। আমি দেখে এসেছি। তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, ‘‘এখন আগের চেয়ে ভালো আছেন।’’’
গত ২৭ ফেব্রুয়ারি আখতার হোসেন ইসিজি করিয়েছিলেন। দুদিন পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি।
গত বছরের ২৮ ডিসেম্বর বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা আখতার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করে সরকার।