জননিরাপত্তা ভেঙে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননিরাপত্তাব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। দিনদুপুরে অপহৃত হচ্ছেন মানুষ। কিন্তু এঁদের উদ্ধার নিয়ে যেমন কোনো দৃশ্যমান তৎপরতা নেই, তেমনি তদন্তেও আগ্রহ নেই সংশ্লিষ্ট সরকারি বাহিনীর।
অপরাধ বিশ্লেষকেরা বলছেন, কোনো ঘটনারই কিনারা হচ্ছে না, অপহরণকারীরা শনাক্তও হচ্ছে না। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে।
তবে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এ অভিযোগ মানতে নারাজ। প্রথম আলোকে তিনি বলেন, নারায়ণগঞ্জে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সারা দেশের পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বরং আগের চেয়ে ভালো।
এ পরিস্থিতিতে আজ রোববার অপরাধবিষয়ক সম্মেলন ডেকেছে পুলিশ সদর দপ্তর। এতে দেশের সব মহানগরের কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকেরা উপস্থিত থাকবেন।
পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা স্বীকার করছেন, পরিসংখ্যানের দিক থেকে অপহরণের ঘটনা খুব বেশি না হলেও এর ভয়াবহতা জনমনে ভীতি ছড়াচ্ছে। কিন্তু এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দায়িত্বশীল কর্মকর্তাদের অনেকেই বরং নিজেদের অসহায়ত্বের কথা বলছেন। এ অসহায়ত্বের কারণ অদক্ষতা, বাইরের চাপ, নাকি ভেতরের কোনো সমস্যা, তার কোনো ব্যাখ্যা মেলেনি।
যোগাযোগ করা হলে পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান বলেন, রাষ্ট্রযন্ত্র কাউকে দিয়ে একটি অপরাধ করালে সে নিজের লাভের জন্য আরও ১০টি অপরাধ করবে, সেটাই স্বাভাবিক। এখন সবকিছু দেখে মনে হচ্ছে, সেই অস্থিরতারই সুযোগ নেওয়া হচ্ছে। তবে কোনো বাহিনীর নাম করে অপরাধ করা হলে সেই বাহিনীর দায়িত্ব বিষয়টি পরিষ্কার করা। তা না হলে মানুষের মধ্যে ভীতি ছড়াবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১-১২ সালে শুধু ধলেশ্বরী নদী থেকে পাওয়া গিয়েছিল ৩০টি লাশ। এসব লাশ কীভাবে এল, এখনো তার কোনো কিনারা হয়নি। শুধু একটি মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এ বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বললে, তারা একে অন্যের ওপর দোষ চাপান। অনেক পুলিশ কর্মকর্তাই মনে করেন, এর সঙ্গে অন্য বাহিনীর হাত আছে। এ কারণে কোনো তদন্ত হয় না। পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, সরকারের উচ্চপর্যায় পর্যন্ত বিষয়গুলো জানে। কিন্তু প্রশাসনের সব অংশকে খুশি রাখতে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
ধলেশ্বরী থেকে পাওয়া সেই ৩০ লাশের ব্যাপারে কথা উঠেছিল, এসব হত্যাকাণ্ডের সঙ্গে একটি বাহিনীর কিছু সদস্যের হাত আছে। একইভাবে এবারও সাতজনকে যেভাবে অপহরণ ও খুন করা হয়েছে, তার ধরন দেখে সন্দেহ করা হচ্ছে এর সঙ্গে একই বাহিনীর একটি অংশের হাত থাকতে পারে।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে তাঁরা শুনেছেন, কোটি কোটি টাকার চুক্তির বিনিময়ে এ অপহরণ ও হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তা ছাড়া ওয়ার্ড কাউন্সিলর নজরুলসহ সাত ব্যক্তিকে অপহরণের রাতে নারায়ণগঞ্জের পুলিশ রাতের টহলের সময় সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করে। সেই মাইক্রোবাস থেকে এক ব্যক্তি নেমে নিজেকে একটি বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে গাড়িটি ছাড়িয়ে নেন। কারও কারও সন্দেহ, ওই গাড়িতে অপহৃতদের লাশ থাকতে পারে।
অপরাধের ভয়াবহ চিত্র: পুলিশ বাহিনীর অপরাধ নিয়ন্ত্রণ শাখা থেকে পাওয়া তথ্যে জানা যায়, দেশের অপরাধ পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে অপহরণ বেড়েছে উদ্বেগজনক হারে। ২০১১ সালে দেশে অপহরণ ছিল ৭৯২ জন, ২০১২ সালে তা বেড়ে হয়েছে ৮৫০; আর ২০১৩ সালে হয়েছে ৮৭৯। ২০১৪ সালের তিন মাসেই অপহরণের ঘটনা ঘটেছে ১৯৬টি। তুলনা করলে দেখা যাবে, ২০১৩ সালের প্রথম তিন মাসে অপহরণ ছিল ১৬৮টি।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত মোট ২৬৮ জনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের লাশ উদ্ধার করা হয়। অপহরণের পর ছেড়ে দেওয়া হয় ২৪ জনকে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয় ১৪ জনকে। কিন্তু ১৮৭ জনের এখন পর্যন্ত কোনো খোঁজই মেলেনি। আসক এ তথ্য সংগ্রহ করেছে বিভিন্ন গণমাধ্যম থেকে। তবে অনেক ঘটনা সংবাদপত্রে আসেনি, সেগুলো আসকের হিসাবে নেই।
আসকের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ৩৯ জনকে অপহরণের ঘটনা ঘটছে। এর মধ্যে ছাত্রলীগের চারজন, ছাত্রদলের তিনজন, জামায়াত-শিবিরের দুজন, বিএনপির ১১, তিনজন ব্যবসায়ী, চারজন চাকরিজীবী ও ১১ জন সাধারণ নাগরিক রয়েছেন। এই ৩৯ জনের মধ্যে পরবর্তী সময়ে ১২ জনের লাশ উদ্ধার করা হয়। অপহরণের পর ছেড়ে দেওয়া হয় চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীসহ চারজনকে। কিন্তু বাকি ২৩ জনের এখনো কোনো খোঁজই নেই।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও জনসংযোগ শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০০৯ থেকে ২০১৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত র‌্যাবের কাছে দুই হাজার ৬৪১ জনকে অপহরণের অভিযোগ আসে। এর মধ্যে এক হাজার ৮৭ জনকে র‌্যাব উদ্ধার করে। অন্যদের অবস্থা কী হয়েছে, তা র‌্যাব জানে না। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল চার মাসে ৭৭ জন অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর তাঁদের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে। এ ঘটনার রেশ শেষ হতে না হতেই অপহৃত হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। গত শুক্রবার রাতে সাভারের কাছে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এর আগে ২৮ এপ্রিল সিরাজগঞ্জ থেকে অপহৃত হন খোকন সরকার নামের এক ব্যক্তি। পরে র‌্যাব তাঁকে উদ্ধার করে। পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকও অপহূত হয়েছিলেন ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক থেকে। পরে অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেয়।
অভিযোগ উঠেছে, অনেক অপহৃত বা নিখোঁজ ব্যক্তিকে অপহরণের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে পাওয়া যাচ্ছে। অপহৃত লোকগুলো তাদের হেফাজতে কী করে আসছেন, সে বিষয়ে বাহিনীগুলোর পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সে কারণে কেউ নিখোঁজ হলেই প্রথমেই কোনো না কোনো বাহিনীর কাছে খোঁজ নিতে যাচ্ছে ভুক্তভোগী পরিবার।
জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, অপরাধীরা র‌্যাবের পরিচয় দিয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করছে। কিন্তু এর সঙ্গে কোনোভাবেই র‌্যাব জড়িত নয়।
পুলিশের নথিপত্রে দেখা গেছে, ২০১২ সালের ১৭ জুলাই নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পরে শীতলক্ষ্যার বন্দর থানা এলাকাতেই মেলে দিদারুল আলম ওরফে চঞ্চলের লাশ। চঞ্চল ২০১১ সালের অক্টোবরে সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করেছিলেন। ২০১১ সালের ১১ মে বাসা থেকে ডেকে নেওয়ার দুই দিন পর ব্যবসায়ী আশিকুল ইসলামেরও লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে।
নারায়ণগঞ্জের স্থানীয় সূত্র জানায়, শীতলক্ষ্যা নদী থেকে ভাটির দিকে গেলে ধলেশ্বরী নদী। ২০১১ ও ২০১২ সালে এই এলাকার অদূরে মুন্সিগঞ্জের ধলেশ্বরী থেকে ৩০টির মতো লাশ উদ্ধার হয়েছে। এঁদের বেশির ভাগেরই হাত-পা বাঁধা ছিল। কয়েকজনকে গুলি করে খুন করা হয়েছে। তখন মুন্সিগঞ্জের পুলিশ জানিয়েছিল, ঢাকার কেরানীগঞ্জ বা নারায়ণগঞ্জের কোনো এলাকা থেকে হত্যা করে ভাসিয়ে দেওয়া হয়েছে। ওই লাশগুলোর বেশির ভাগের শরীরে ইট বাঁধা ছিল। নারায়ণগঞ্জের সাত লাশের সঙ্গেও একইভাবে ইট বেঁধে দেওয়া হয়েছিল।