জনপদজুড়ে শুধু আক্ষেপের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইলাবিধ্বস্ত বেড়িবাঁধ। খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন কালাবগী এলাকা। সম্প্রতি তোলা ছবি।  সাদ্দাম হোসেন
আইলাবিধ্বস্ত বেড়িবাঁধ। খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন কালাবগী এলাকা। সম্প্রতি তোলা ছবি। সাদ্দাম হোসেন

‘ভোটের সময় সবাই ভোট চায়, এরপরে আর কেউ ফিরে তাকায় না’, এই আক্ষেপ নকুল চন্দ্র সরদারের। বয়স ৮৫ বছর। খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর পাড়ে গুনারী গ্রামের কালীবাড়ি লঞ্চঘাট এলাকায় তাঁর বাড়ি। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় দেশের দক্ষিণাঞ্চলের যেসব জনপদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কালীবাড়ি সেগুলোর অন্যতম। গত সাড়ে নয় বছরে ওই জনপদে আইলার ক্ষতচিহ্ন এখনো রয়ে গেছে, মানুষের আতঙ্কও পুরোপুরি কাটেনি।

নকুল চন্দ্র বলেন, এখানকার মানুষ সব সময় আওয়ামী লীগকেই ভোট দেয়, কিন্তু এলাকার সমস্যা সমাধানের দিকে জনপ্রতিনিধিদের নজর নেই।

এলাকাটি খুলনা-১ সংসদীয় আসনের মধ্যে পড়েছে। দেশের মধ্যে যে কয়টি আওয়ামী লীগের নিশ্চিত আসন বলে বিবেচিত হয় এটি সেগুলোর অন্যতম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ১৯৯৬ সালে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। বর্তমান সাংসদ পঞ্চানন বিশ্বাস আওয়ামী লীগেরই সাংসদ। দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যানও আওয়ামী লীগের, সুতারখালী ইউনিয়নসহ দাকোপের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যানও আওয়ামী লীগের। তারপরও উন্নয়নের ছোঁয়া লাগেনি। গড়ে ওঠেনি কোনো শিল্পকারখানা। লবণাক্ততার কারণে জমি একফসলি হওয়ায় কর্মসংস্থানের সুযোগও কম। এলাকাটি দারিদ্র্যপ্রবণ।

কালীবাড়ি লঞ্চঘাটে ২০ ডিসেম্বর বিকেলে নকুল চন্দ্রসহ অন্তত ১৫ জন গ্রামবাসীর সঙ্গে কথা হয়। আইলায় তাঁদের প্রত্যেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল। তাঁরা আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করেছেন। সরকারও নতুন বেড়িবাঁধ দিচ্ছে। বাঁধের ৩০ থেকে ৫০ মিটার পশ্চিমেই শিবসা নদী। সেই বাঁধের কাজ কবে শেষ হবে, তা–ও জানা নেই মানুষের। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাইনবোর্ডে লেখা আছে নির্মাণকাজ শেষ হবে আগামী বছরের ২৫ জানুয়ারি।

কালীবাড়িতে দেখা গেল সেখানে নদীভাঙন অব্যাহত আছে। এলাকাবাসী বলছে, আগামী এক বছরের মধ্যে নতুন বাঁধেও ভাঙন ধরবে। তাদের দাবি, বাঁধ টিকিয়ে রাখতে নদীভাঙন রোধে এখনই উদ্যোগ নিতে হবে। এই নির্বাচনে এটাই তাদের অন্যতম চাওয়া।

দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে খুলনা-১ আসন। পাউবো জানিয়েছে, বটিয়াঘাটা উপজেলায় প্রায় ১৫টি জায়গায় ভাঙন আছে। দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন জানালেন, দাকোপের ৫৭টি জায়গায় এখন নদী ভাঙছে। তাঁর অভিযোগ, পাউবো ভাঙনরোধের কোনো উদ্যোগ না নিয়েই বেড়িবাঁধ দিচ্ছে। এই বাঁধ টিকবে না। শত শত কোটি টাকা পানিতেই যাবে।

>ঘূর্ণিঝড় আইলায় সুন্দরবনসংলগ্ন এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাড়ে ৯ বছর পরও হতাশা দূর হয়নি, এই নির্বাচনেও আশা দেখছেন না তাঁরা।

খুলনা-১ আসন থেকে তিনবার নির্বাচিত সাংসদ ও এবারের আওয়ামী লীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বেড়িবাঁধ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে, নলিয়ান নদীতে বাঁধ দেওয়ার কাজও শুরু হয়েছে। কাজ যেটুকু পিছিয়ে আছে তা মূলত চীনা ঠিকাদারদের গড়িমসির কারণে।

ভোটারদের কথা

উপজেলার কালীনগর বাজার থেকে গুনারী যাওয়ার পথে মাটির সরু রাস্তায় দেখা হয় সুতারখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহিরউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, এ এলাকায় এক ফুট জায়গাতেও পিচঢালা রাস্তা নেই। ইটের রাস্তাও খুবই কম। সব রাস্তাই কাঁচা, এবড়োখেবড়ো। পরিস্থিতি দুর্বিষহ হয় বর্ষাকালে।

যে জায়গায় দাঁড়িয়ে কথা হচ্ছিল সেটি খুলনা শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে। জহিরউদ্দীন বলেন, জেলা শহর খুলনায় যেতে ছয়-সাত ঘণ্টা লাগে। প্রথমে তিনি হেঁটে বাড়ি থেকে কালীনগর বাজার যান। সেখান থেকে মাছ পরিবহনের ট্রলারে খুলনা আসতে হয়।

জহিরউদ্দিন যাতায়াতের যে সমস্যার কথা বলছিলেন, সেই একই কথা বললেন গুনারী শীতল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য নারায়ণ সরদার। তিনি বলেন, উপজেলা সদর পর্যন্ত যেতে জনপ্রতি খরচ পড়ে ২০০ টাকা। সবচেয়ে বড় বিপদ হয় অসুস্থ রোগী নিয়ে, আশপাশে কোনো হাসপাতাল নেই, ডাক্তারও নেই। উপজেলা হাসপাতালে নিতে নিতে পথেই অনেক রোগী মারা যায়।

সুন্দরবনসংলগ্ন এই গ্রামের মানুষ জানায়, তাদের অন্যতম প্রধান সমস্যা পানীয় জলের। নলকূপে সুপেয় পানি পাওয়া যায় না। বৃষ্টির পানি ধরে রেখে তারা কাজ চালায়। সেই পানি ফুরিয়ে গেলে বাধ্য হয়ে পুকুরের পানিতেই ভরসা করতে হয়।

এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আমীর এজাজ খান বলেন, ‘নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নতি করা। কাঁচা রাস্তা পাকা করা।’

বেড়িবাঁধে আর কতকাল

দাকোপের সুতারখালী ইউনিয়নের আলেক গাজী পাড়ায় বেড়িবাঁধের বাসিন্দা সুষমা মিস্ত্রি বলেন, ‘একসময় আমাদের মোটামুটি সব ছিল। পুকুরসহ বসতভিটা। গোয়াল ভরা গরু, হাঁস-মুরগি। সাড়ে নয়বছর আগে আইলায় সবকিছু ভেসে যায়। সব হারিয়ে সেই থেকে বাঁধের ওপর বাস করছি।’

উপজেলা পরিষদ সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সুতারখালী ইউনিয়নের ১০ হাজার ৬০০ এবং কামারখোলা ইউনিয়নের ৪ হাজারের বেশি পরিবারের ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। অনেকে এলাকা ছেড়ে চলেও যায়। এখনো ওই দুই ইউনিয়নর ১ হাজারের ওপর পরিবার বেড়িবাঁধে ও ভেতরের অনেক ছোট রাস্তার ওপর বাস করছে।

নির্বাচনী আবহ

জমজমাট প্রচারণা নেই এলাকায়। কিছু কিছু জায়গায় অল্পসংখ্যক পোস্টারের দেখা মেলে, তাতে নৌকা প্রতীকের প্রাধান্য বেশি। মানুষের মধ্যেও ভোট নিয়ে খুব বেশি আগ্রহ দেখা যায়নি। মানুষের সঙ্গে আলাপে যোগাযোগব্যবস্থার সমস্যার কথাই বেশি উঠে এসেছে। মানুষ নদীভাঙনের কথা বলেছে, এলাকা ছেড়ে যাওয়ার কথা, চিকিৎসাসেবার অপ্রতুলতার কথা, সুন্দরবনকে ঘিরে পর্যটন এলাকা গড়ার কথা বলেছে। কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে এসব বিষয়ে সমাধানের কোনো আশ্বাস পাচ্ছে না তারা।

কালীবাড়ি লঞ্চঘাটের নকুল চন্দ্র সরদার গভীর হতাশা নিয়ে বলেছিলেন, ‘এবারও ভোট দেব, কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না।’