জনপ্রতিনিধি, বিএনপির নেতাসহ ২৫৩ জন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে উপজেলা পরিষদ ঘেরাও করে ইউএনওর বাসা-দপ্তরসহ ১৮ সরকারি দপ্তরে হামলা-ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উপজেলা ভাইস চেয়ারম্যান, ছয় ইউপি চেয়ারম্যানসহ ২৫৩ জনকে অভিযুক্ত করা হয়। ২৩ এপ্রিল হরতাল চলাকালে ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে সাতটি ইউনিয়নের গ্রাম থেকে বিএনপির নেতৃত্বে মিছিল উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। এ সময় মিছিলকারীরা উপজেলা পরিষদের অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের জের ধরে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, দপ্তরসহ আরও ১৮টি সরকারি দপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে। পুলিশ হামলাকারীদের ঠেকাতে গুলি ছোড়ে। এ সময় হামলাকারী ও পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে গুলিতে তিনজন নিহত হন। মামলায় পাঁচ হাজার অজ্ঞাতপরিচয় লোককে আসামি করা হয়েছিল। পুলিশ তদন্ত করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মধ্য থেকে ২৫৩ জনকে শনাক্ত করে। হামলায় অংশ নেওয়া মুখোশধারী ও হেলমেট পরা থাকায় প্রায় আড়াই হাজার হামলাকারী শনাক্ত করা সম্ভব হয়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মো. মোজাহিদ আলী, বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান মো. গৌছ খান, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন আহমদ, সহসভাপতি রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, সহসভাপতি দশঘর ইউপি চেয়ারম্যান শফিকউদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক ও অলঙ্করি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ওরফে দলা মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি তাহিদ মিয়াসহ ২৫৩ জন। এর মধ্যে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকও রয়েছেন। পুলিশ জানায়, এ ঘটনার পর রাতেই মঙ্গলবার রাতে উপজেলা পরিষদে হামলার ঘটনায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ছয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। ওই দিন ঘটনাস্থল থেকে ১৬ জন এবং পরদিন ৪২ জনসহ মোট ৫৮ জনকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে বিএনপির নেতা মোজাহিদ আলী, ইউপি চেয়ারম্যান জালালউদ্দিনসহ মোট ৭৮ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অভিযোগপত্রে বলা হয়, ২৩ এপ্রিল হরতাল চলাকালে অভিযুক্তরা উপজেলা পরিষদ ঘেরাওয়ের নামে হামলা চালিয়ে প্রায় দুই কোটি টাকার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করে। অভিযোগপত্রে আবদুল করিম নামে গ্রেপ্তার হওয়া এক আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। মামলায় অজ্ঞাত পাঁচ হাজার আসামির মধ্যে মাত্র ২৫৩ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্রে কেবল এঁদেরই অভিযুক্ত করা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘তদন্তে এঁদের নাম-ঠিকানা পাওয়া গেছে। এ ছাড়া হামলাকারী অধিকাংশ হেলমেট ও মুখোশ পরা থাকায় যথাযথভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।’ বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে এবং অভিযোগপত্রে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।