জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরুদ্ধে জনতার বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলমের বিরুদ্ধে ভিজিডি ও ভিজিএফের গম বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পরও উপজেলা প্রশাসন ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি—এমন অভিযোগ এনে এলাকাবাসী গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে।জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নে ভিজিডি ও ভিজিএফের গম গত ২৫ আগস্ট বিতরণ করা হয়। ২৭ আগস্ট এলাকার লোকজন ইউপি গুদামে বেশকিছু গমের বস্তা মজুদ দেখতে পান। বিষয়টি ওই দিনই তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান এবং লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে ইউএনও এনামুল হক সরেজমিনে গিয়ে মজুদ রাখা ২৩ বস্তা গম জব্দ করে গুদামটি সিলগালা করে দেন। পরদিন ২৮ আগস্ট এলাকাবাসী চেয়ারম্যানের শাস্তি দাবি করে ইউএনওর কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। ওই দিনই ইউএনও উপজেলা চেয়ারম্যান মো. সইদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভিযোগকারীদের নিয়ে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক করেন। সে বৈঠকে ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং জব্দ করা গম ঈদের পর দুস্থদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত হয়।সাত দিন পেরিয়ে গেলেও উপজেলা প্রশাসন অভিযুক্ত জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল এলাকার কয়েক শ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তাঁরা গম আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন রানীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, হোসেনগাঁও ইউনিয়নের সভাপতি গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সদস্য সাদেক আলী।সমাবেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘ইউএনও আত্মসাৎ করা গম জব্দ করে গুদামটি সিলগালা করেন। এর পরও তিনি সেই চেয়ারম্যানের পক্ষে সাফাই গাইছেন।’গম আত্মসাতের অভিযোগ অস্বীকার করে হোসেনগাঁও ইউপির চেয়ারম্যান মাহবুব আলম দাবি করেন, কয়েকজন কার্ডধারী অনুপস্থিত থাকায় গম বিতরণ করা যায়নি বলে গুদামে রেখে দেওয়া হয়েছিল।রানীশংকৈলের ইউএনও এনামুল হক বলেন, গুদামে গম মজুদ পাওয়া গেছে। আত্মসাতের উদ্দেশ্যে গম রাখা হয়েছিল কি না যাচাই করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। বেঁচে যাওয়া গম দুস্থদের মধ্যে বিতরণ সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সিদ্ধান্ত দিলেই বিতরণের ব্যবস্থা করা হবে।