জনপ্রতিনিধি ও সাংবাদিকের নামে মামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহাল নিয়ে সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। দিরাই শহরে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে জনপ্রতিনিধি, রাজনীতিক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানানো হয়।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের কাছে জারলিয়া জলমহালের দখল নিয়ে ১৭ জানুয়ারির ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন ব্যক্তি মারা যান। আহত হন আরও ২২ জন। এ ঘটনায় ১৯ জানুয়ারি দিরাই থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে।

স্থানীয় চণ্ডীপুর গ্রামবাসীর ব্যানারে দুপুরে দিরাই শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে থানা পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন আবুল উল্লাহ। বক্তব্য দেন দিরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আহমদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম সরদার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর মিয়াধন প্রমুখ। বক্তারা মামলা থেকে জনপ্রতিনিধি, রাজনীতিক ও সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবি জানান।