জনপ্রতিনিধি-নেতাদের বিরোধ আর্সেনিক প্রকল্পের কাজ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনিকপীড়িত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আর্সেনিকমুক্ত ১২০টি গভীর নলকূপ স্থাপন নিয়ে বিপাকে পড়েছে জনস্বাস্থ্য বিভাগ। গভীর নলকূপ স্থাপনে স্থান নির্ধারণে জনপ্রতিনিধি আর সরকারি দলের কয়েকজন নেতার বিরোধী অবস্থানের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে প্রায় আড়াই মাস ধরে এসব নলকূপ স্থাপনের কাজ বন্ধ রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার ১৫টি ইউনিয়নে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০১০-১১ অর্থবছরে এডিবির অর্থায়নে সরকার ১২০টি গভীর নলকূপ বরাদ্দ করে। গত ১২ জানুয়ারি তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান নলকূপগুলো স্থাপনের কাজ পায়। স্থান নির্ধারণের পর তাদের কার্যাদেশ দেওয়ার কথা। কিন্তু স্থান নির্ধারণে জনপ্রতিনিধি ও সরকারি দলের কয়েকজন নেতার তদবিরের জাঁতাকলে পড়ে কর্তৃপক্ষ নলকূপ স্থাপনে ঠিকাদারদের প্রায় আড়াই মাসেও কার্যাদেশ দিতে পারেনি।এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোজাফফর আহামেদ গত ৩ মার্চ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প পরিচালক বরাবর আবেদন করেন। এ আবেদনে আওয়ামী লীগের স্থানীয় ছয়জন নেতার জন্য আরও ১২৩টি গভীর নলকূপ বিশেষ বরাদ্দের জন্য অনুরোধ করা হয়েছে।জনস্বাস্থ্য বিভাগ, ফরিদগঞ্জের উপসহকারী প্রকৌশলী অহিদুজ্জামান বলেন, ‘এসব নলকূপ স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে জনপ্রতিনিধি ও সরকারি দলের কয়েকজন নেতার মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় এখন শ্যাম রাখি, না কুল রাখি অবস্থা হয়ে দাঁড়িয়েছে।’ তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বরাদ্দ হওয়া ১২০টি গভীর নলকূপ স্থাপনের প্রক্রিয়া চলছে।উপজেলা চেয়ারম্যান (বিএনপি-সমর্থিত) মোজাম্মেল হোসেন বলেন, নলকূপ স্থাপনের সব নীতিমালা মেনেই উপজেলার ১৫টি ইউনিয়নে লোকসংখ্যা অনুপাতে সেগুলো বণ্টন করা হয়েছে। কিন্তু এখন নলকূপ পেতে সরকারি দলের কয়েকজন নেতার তদবিরের কারণে জনপ্রতিনিধিদের নির্ধারিত স্থানের তালিকা উপেক্ষা করে নলকূপ স্থাপনের কাজ বন্ধ রাখা হয়েছে।চাঁদপুর জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোজাফফর হোসেন বলেন, বরাদ্দ পাওয়া নলকূপগুলো স্থাপনের নির্ধারিত স্থানের তালিকা এখনো পাওয়া যায়নি। এ নিয়ে সরকারি দলের কিছু নেতার তদবিরের কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন, জনপ্রতিনিধিদের দেওয়া স্থানের তালিকা অনুযায়ী নলকূপ স্থাপন করা দরকার। সরকারি দলের কোনো নেতা বিরোধিতা করলে তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে।