জনপ্রতিনিধিকে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই!
সাতক্ষীরা সদর থানা থেকে শেখ জুয়েল হাসান ও জাফরুল হাসান ওরফে ঝাপার নেতৃত্বে এক ইউপি সদস্যকে জিম্মি করে তাঁর মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।শেখ জুয়েল হাসান জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ও জাফরুল হাসান এক মন্ত্রীর ভাগনে। এ ঘটনায় মামলা হলেও জাফরুলকে বাদ দিয়ে থানায় মামলা হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে একটি কাজে তিনি থানায় যান। কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। থানায় বসেই তিনি ইফতার সারেন। তিনি অভিযোগ করেন, রাত আটটার দিকে ওই স্থানে ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান ও জাফরুলের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী হাজির হন। তাঁকে কৌশলে থানা থেকে ডেকে নিয়ে যান তাঁরা। থানা থেকে ১০০ গজ দূরে শহীদ রাজ্জাক পার্কের শিল্পকলা একাডেমীর ভেতরে নিয়ে যাওয়া হয় তাঁকে এবং তিনটি সাদা স্ট্যাম্পে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেন তাঁরা। পরে থানার ভেতর রাখা ইউপি সদস্যের মোটরসাইকেলটি নিয়ে যান তাঁরা।এ ঘটনায় রাত নয়টার দিকে জুয়েল হাসান, জাফরুলসহ চারজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন ওই জনপ্রতিনিধি। তিনি বলেন, ‘সাতক্ষীরা সদর থানার এক কর্মকর্তা জাফরুলের নাম বাদ দিয়ে এজাহার দেওয়ার কথা বলেন। না করলে মামলা গ্রহণে অসুবিধা আছে বলে পুলিশের ওই কর্মকর্তা উল্লেখ করেন।’ সাতক্ষীরা সদর থানার ওসি আসলাম খান জানান, ঘটনায় জড়িত অভিযোগে মো. আওয়াল ও পুরাতন সাতক্ষীরার রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। রুহুল আমিন জানান, জুয়েল হাসান ও জাফরুলই মোটরসাইকেল ছিনতাই করেছেন। এ সময় তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।