জনপ্রতিনিধিদের অভিযোগ শুনলেন ভারতের ডেপুটি হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সিডরবিধ্বস্ত মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার গৃহহীনদের জন্য ভারত সরকারের টাকায় বাস্তবায়নাধীন দুই হাজার ৮০০ ঘরের গুণগত মান, কাজের স্বচ্ছতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন অভিযোগ শুনলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে এসব ঘরের নির্মাণকাজ পরিদর্শনের আগে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা এসব অভিযোগ করেন।মতবিনিময় সভায় চলতি জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথম দিকে সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মধ্যে তৈরি হওয়া ঘর হস্তান্তর অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মতবিনিময় সভায় বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এই ঘর নির্মাণকাজ সম্পর্কে কিছুই জানেন না। তাঁদের কাছে কোনো তথ্য নেই। ঠিকাদারদের জিজ্ঞাসা করা হলে তাঁরাও এ বিষয়ে কিছু জানান না। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার বলেন, তাঁর পৌরসভায় ১২০টি ঘর হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারেরা বলেছেন, ৮০টি ঘর করা হবে। ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য বলেন, এত দিন তাঁরা ঢাকায় বসে কাজের অগ্রগতি সম্পর্কে জেনেছেন। মাঠপর্যায়ের সমস্যা সম্পর্কে তাঁরা জানতেন না। এই প্রথম হাইকমিশনের পক্ষ থেকে কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক কাজ করার সুযোগ সৃষ্টি হবে। তখন এসব অভিযোগের বিষয়গুলো বিবেচনায় রাখা হবে।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) শ্যাম বি, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনেওয়াজ তালুকদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহর আলী, প্রকল্পে ভারত সরকার নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান কনসালটিং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (সিইএস) মহাব্যবস্থাপক আবদুল মজিদ চৌধুরী, প্রকল্পের বাংলাদেশ অংশের পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং কনসালটিং লিমিটেডের (ইপিসি) দলনেতা মতিউর রহমান প্রমুখ।জনপ্রতিনিধিদের অভিযোগের জবাবে মতিউর রহমান বলেন, ঘরের নির্মাণকাজ মানসম্মতভাবে হচ্ছে। এসব ঘর নির্বিঘ্নে ১০ বছর পর্যন্ত ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করে টিকে থাকতে পারবে।মতিউর রহমান আরও জানান, ইটের গাথুনি ও কাঁচা মেঝেবিশিষ্ট এক কামরার টিনশেডের এই ঘরগুলো লম্বায় ২০ ফুট এবং চওড়ায় ১০ ফুট। ঘরের দেয়াল ও খুঁটি কাঠের। ঘরের সঙ্গে রয়েছে চালাবিহীন ছয় ফুট বারান্দা এবং একটি পাকা ল্যাট্রিন।২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের পর দুর্গত শরণখোলা পরিদর্শনে এসে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখার্জি শরণখোলার গৃহহীন মানুষের জন্য গৃহনির্মাণের আশ্বাস দেন। এই প্রতিশ্রুতি অনুযায়ী পরবর্তী সময়ে ৩৬ কোটি টাকা ব্যয়ে এক প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় দুই হাজার ৮০০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।