জনপ্রতিনিধিদের আত্মীয়ের নাম শ্রমিকের তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা তাঁদের আত্মীয়স্বজনের নাম কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম তাঁর স্ত্রী শাহিদা বেগমের নাম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য মোরশেদা বেগম তাঁর স্বামী মমিনুল হকের নাম শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করে ব্যাংক থেকে প্রকল্পের টাকা তুলেছেন।অভিযোগ স্বীকার করে ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘অফিসে যাতায়াত করতে আমাদের অনেক খরচ হয়। সরকার কোনো খরচ দেয় না। আমি শুধু একা নই, প্রত্যেক ইউপি সদস্যই তালিকায় কিছু নাম দিয়ে টাকা তুলে পকেট খরচ মেটান। চেয়ারম্যান সাহেবও বিষয়টা জানেন।’ওই ইউপির চেয়ারম্যান আজিজুল হকও একইভাবে তাঁর নিকটাত্মীয় রোকসানা বেগম ও আবদুল কাইয়ুমের নাম অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু ওই ব্যক্তিরা কখনো শ্রমিক হিসেবে প্রকল্পের কাজ এক দিনও করেননি। ৮ নং ওয়ার্ডের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দলনেতা মোকছেদ আলী বলেন, শ্রমিকদের নামের তালিকায় কাইয়ুমের নাম রয়েছে। তিনি এক দিনও মাটি কাটতে না এলেও প্রতি বৃহস্পতিবার ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন। ৮ নং ওয়ার্ডের সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিক অভিযোগ করেন, কাইয়ুমের নাম তালিকায় দেখে প্রতিবাদ করায় প্রকল্প কমিটির সভাপতির পদ থেকে ইউপি চেয়ারম্যান তাঁকে অব্যাহতি দিয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, সংশ্লিষ্ট গ্রামের তালিকাভুক্ত গরিব, অসহায় ও কর্মক্ষম বেকার ব্যক্তিরা এ প্রকল্পের কাজ করতে পারবেন। এ কাজে প্রতি শ্রমিককে দৈনিক ১৭৫ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘যদি কোনো অনিয়ম অন্য কেউ করে থাকে সেটা আমি দেখব।’পিআইও জিয়াউর রহমান বলেন, ইউপি সদস্যরা স্ত্রীদের নাম তালিকাভুক্ত করে টাকা তুলতে পারেন না। এটা অবশ্যই তদন্ত করা হবে।প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, এটা গুরুতর অপরাধ। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ওই ইউপির চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।