জনপ্রতিনিধিদের জবাবদিহি মুক্তিযুদ্ধের চেতনার কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেছেন, ‘যাঁরা আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে দেশ পরিচালনা করেন, তাঁদের জবাবদিহি আমাদের কাছে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার কাছে, মুক্তিযুদ্ধের দিকনির্দেশনার কাছে, আমাদের সাংবিধানিক দিকনির্দেশনার কাছে।’গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সুলতানা কামাল। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ধ্রুবতারা’র এক যুগপূর্তি উৎসবের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সুলতানা কামাল বলেন, নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন ও শক্তিশালী করে কাজ করার সুযোগ দিলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন থাকে না। এ বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলো বসে একটা ঐকমত্যে আসা দরকার বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্রুবতারার যুগপূর্তি উৎসবের সভাপতি ফালগুনী হামিদ। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ধ্রুবতারার মহাপরিচালক মো. আবু তাহের, সহ-প্রধান উপদেষ্টা অশোক সাহা, উপদেষ্টা আখতার জাহান, যুগপূর্তি উৎসবের কো-চেয়ারম্যান বিমলেন্দু মজুমদার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুলতানা কামালের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে দিনব্যাপী শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েত উল্যাহ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম।