জনপ্রতিনিধিদের পাশাপাশি চাকরেরও প্রয়োজন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান বলেছেন, শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনপ্রতিনিধিদের যেমন প্রয়োজন আছেন, তেমনি তাঁদের মতো চাকরদেরও (আমলা) প্রয়োজন আছে। দুই পক্ষ যৌথভাবে নিজ নিজ দায়িত্ব সম্পাদন করতে পারলে লক্ষ্যে পৌঁছানো যাবে। গতকাল মঙ্গলবার সকালে সিরডাপ মিলনায়তনে স্থানীয় সরকারব্যবস্থা নিয়ে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু আলম এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের কাজে যোগদান নিয়ে প্রথম আলোয় প্রকাশিত শীর্ষ খবরের কঠোর সমালোচনা করেন স্থানীয় সরকার বিভাগের এই সচিব। তিনি বলেন, ‘এটা মোটেই তিন কলামের শীর্ষ সংবাদ হওয়ার মতো ঘটনা নয়। সাংবাদিকতা বিভাগের ছাত্র হিসেবে বলতে পারি, প্রথম আলোর মতো একটি জাতীয় দৈনিকে এই খবর এক কলাম হওয়াও উচিত হয়। আমি পরে জানতে পেরেছে এই সংবাদ নাকি পাঁচ কলাম হওয়ার কথা ছিল। কিন্তু সম্পাদকের হস্তক্ষেপে সংবাদ ব্যবস্থাপকেরা তা তিন কলাম করেছেন।’ তিনি প্রথম আলোর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে বলেন, মসিউর রহমানের ছুটি শেষ হয়েছে, তিনি কাজে যোগ দেবেন, এটাই স্বাভাবিক। সচিব বলেন, যেদিন সংবাদ প্রকাশিত হয়েছে, ওই দিন তিনি বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধির সঙ্গে চাঁদপুরে গিয়েছিলেন। এই সংবাদ প্রসঙ্গে আবাসিক প্রতিনিধি তাঁকে বলেছেন, সংবাদের বিষয়টি সম্পর্কে ওয়াশিংটন থেকে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি এর সঙ্গে জড়িত। তিনি বলেন, প্রথম আলো বদলে যাওয়ার কথা বলে, কিন্তু তাদের দেশপ্রেম নেই। অনুষ্ঠানে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতির প্রস্তাব স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে হস্তান্তর করেন ফোরামের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। প্রস্তাবে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার জন্য কিছু সুপারিশ তুলে ধরা হয়। রাজনীতিবিদ, সুশীল সমাজ ও এনজিওগুলোর সঙ্গে আলোচনা করে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। আলোচনায় অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এ্যারোমা দত্ত, ইউএনডিপির স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জারিনা রহমান খান, এম এম আকাশ, আখতার হোসেন, ফোরামের সমন্বয়কারী মহসিন আলী প্রমুখ।