জনপ্রতিনিধিদের পেটে ৮৯টি রেইনট্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় একটি সড়কের পাশ থেকে ৮৯টি রেইনট্রি কেটে ফেলা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকজন জনপ্রতিনিধির নেতৃত্বে এগুলো কেটে নেওয়া হয়। তবে জনপ্রতিনিধিরা বলছেন, সড়কের পাশের বাড়িঘরের লোকজনই এ কাজ করেছেন। স্থানীয়রা জানান, ওই ইউপির বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০০৭ সালে স্থানীয় মসজিদজাম সড়কের দুই পাশে রেইনট্রির চারা রোপণ করা হয়। এর মধ্যে ৮৯টি গাছ বড় হয়ে ওঠে। ইউপির পক্ষ থেকে এসব গাছে নম্বরও বসানো হয়। কিন্তু গত সপ্তাহ থেকে গাছ কাটা শুরু হয়। এলাকাবাসী মনে করেছিলেন, কোনো বিশেষ কারণে ইউপি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গাছ কাটার কাজ করছে। পরে বিষয়টি স্পষ্ট হয় যে বিনা কারণে ও কোনো দরপত্র আহ্বান ছাড়াই এটি করা হয়েছে। তা ছাড়া গাছ বিক্রির অর্থ ইউপির তহবিলেও জমা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, ৮ নম্বর ইউপির সদস্য লিটন দাস ও ৯ নম্বরের সদস্য তঞ্জু মিয়া গাছ কাটায় নেতৃত্ব দেন। আর এতে প্রত্যক্ষ মদদ দেন চেয়ারম্যান। তবে অভিযোগ অস্বীকার করে লিটন দাস বলেন, ‘যতটুকু জানি, সড়কের পাশের বাড়ির লোকজনই গাছ কেটে নিয়েছে।’ চেয়ারম্যান সাইফুল হক বলেন, ‘গাছ কেটে নেওয়ার বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানোর প্রস্তুতি নিয়েছি।’