জনপ্রতিনিধিদের বিশেষ দায়িত্ব পালনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘুদের কার্যকর নিরাপত্তা দিতে সব এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষত সংসদ সদস্যদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে। যাতে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হয়।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত সংবাদ সম্মেলনে এটিসহ সাতটি সুপারিশ তুলে ধরা হয়।
বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের বর্ণনা এবং বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও মুক্তিযোদ্ধাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আলোকে সেক্টর কমান্ডারস ফোরাম এসব সুপারিশ তৈরি করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ফোরামের উদ্যোগে ৯ মার্চ ঢাকায় ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী জাতীয় সম্মেলন’ করার ঘোষণা দেওয়া হয়। ফোরাম মনে করে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে সংখ্যালঘুদের ভেতর নিরাপত্তা পুনরুদ্ধার ও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেন, ‘৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেখানে অনেক সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হয়েছে। তাদের ভোট গণনা ঠিকভাবে হয়নি। ভবিষ্যতে উপজেলা নির্বাচনে সরকারের কাছে আবেদন জানাব, যেখানে বিশেষ সংখ্যালঘু থাকে, সেখানে আলাদাভাবে ভোট গ্রহণ করতে হবে। এর জন্য আলাদা লোক ব্যাপৃত থাকবে। তাঁরা শুধু সংখ্যালঘুদের ভোট গণনা করবেন।’
ফোরামের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বাঙালি হয়ে, এ কথাটি মনে রাখতে হবে। সংখ্যালঘু—এ কথা যেন আমাদের মুখ দিয়ে না বের হয়। আমরা সবাই বাঙালি। বাঙালিদের মধ্যে কিছু গোষ্ঠী নির্যাতিত। সেই নির্যাতিত গোষ্ঠীকে সহায়তার জন্য সরকারকে কার্যক্রম নিতে হবে।’
ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক কেয়া চৌধুরীর সঞ্চালনায় লিখিত প্রবন্ধে সাত দফা সুপারিশ তুলে ধরেন ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবিব। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী ও সি আর দত্ত বক্তব্য দেন।
সুপারিশের মধ্যে রয়েছে, আক্রান্ত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণসহ তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্নির্মাণ করা, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার নিরপেক্ষ তদন্তে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা।