জনপ্রতিনিধিদের রোষানলে রাজউক কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) জন্য জনমত যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের রোষানলে পড়েন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা। অপরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে খোদ রাজউককে দায়ী করে সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভূমির শ্রেণি পরিবর্তন করাসহ কয়েকটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ করেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে ঢাকা-১১ আসনের সাংসদ ও মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহর কার্যালয়ে এই সভা হয়।
সভায় সাংসদ বিদ্যমান ড্যাপ ‘ঘরে বসে’ করার অভিযোগ এনে রাজউক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘অফিসে বসে সবকিছু করলে হয় না। প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে হবে। আপনারা পয়সা খেয়ে নাভানা, স্বদেশ, বসুন্ধরাকে নিচু ভূমিতে আবাসন প্রকল্প করার সুযোগ দিয়েছেন।’ তিনি আরও বলেন, প্রতিটি আবাসন প্রকল্পে খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা বাধ্যতামূলক থাকা দরকার। কিন্তু মহানগর প্রকল্প, বনশ্রী প্রকল্পে একটিও খেলার মাঠ নেই, উন্মুক্ত জায়গা নেই। তাহলে আপনারা এর অনুমোদন দিলেন কীভাবে?’
এ ছাড়া বিদ্যমান ড্যাপে ঢাকার অনেক জনবসতিকে জলাশয় হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও অভিযোগ করেন মহানগর উত্তর আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘ঘরে বসে না থেকে বের হন। ঢাকার ভূমি রেকর্ডে ৪৮টি খাল ছিল। সেগুলো উদ্ধারের ব্যবস্থা করেন।’
উত্তরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বলেন, রাজউক এখন ব্যবসায়িক মনোভাবসম্পন্ন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। উত্তরা ১ নম্বর সেক্টরে কোনো উন্মুক্ত জায়গা নেই। নকশায় একটা পার্ক ছিল। কিন্তু সেটা এখন উত্তরা ক্লাব, লেডিস ক্লাব ও স্কলাস্টিকা স্কুলের জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
কামাল উদ্দীন আরও বলেন, ৪ নম্বর সেক্টরে একটা মাঠ ছিল। সেই মাঠে এখন টার্কিশ হোপ স্কুল ও কিছু আবাসিক প্লট তৈরি করা হয়েছে। এমনকি ওই সেক্টরে ওয়াসার জায়গাতেও দুটি আবাসিক প্লট বানানো হয়েছে। উন্মুক্ত জায়গা যা ছিল তা বাড়ানোর সুযোগ নেই। কিন্তু সেই জায়গা যদি সংকুচিত করা হয়, তাহলে তো গাছ লাগানোর কোনো সুযোগ থাকবে না। এলাকার মানুষ অক্সিজেন পাবে কীভাবে?
বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম জাহাঙ্গীর আলম বলেন, প্রগতি সরণি থেকে আটটা খাল বালু নদের সঙ্গে যুক্ত ছিল। সেসব খাল হাউজিং কোম্পানিগুলো দখল করেছে।
সাতারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিনের ভাষ্য, সাতারকুল, বড় বেরাইদ, ছোট বেরাইদসহ এসব এলাকার নদী-খালগুলো সচল করতে পারলে নতুন ড্যাপে এই এলাকার জন্য সংরক্ষিত জলাশয় রাখার দরকার নেই।
সভায় নতুন ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ভূমি রেকর্ডে থাকা খালগুলো নতুন ড্যাপে চিহ্নিত করার আশ্বাস দেন। এ ছাড়া জনপ্রতিনিধিদের উদ্দেশ করে তিনি বলেন, ‘যে আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে আপনারা খেলার মাঠ কিংবা উন্মুক্ত জায়গা
না রাখার অভিযোগ করেছেন, তাদের আগামী বৃহস্পতিবারের মধ্য রাজউকের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে।’
স্থানীয় জনসাধারণের বাইরে সেখানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) জিয়াউল হাসান, সংস্থাটির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।