জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কাজ করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা প্রশাসক প্রথম আলোকে জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে যাতে বিরোধ বা দূরত্ব না থাকে, সেই চিন্তা থেকেই হয়তো তাঁদের এমন পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে তিন দিনের এই সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করাসহ মোট ২৩টি নির্দেশনা দিয়েছেন।

সম্মেলনের বিভিন্ন পর্যায়ে কয়েকজন ডিসি আকারে-ইঙ্গিতে স্থানীয় পর্যায়ে কিছু জনপ্রতিনিধি ও প্রভাবশালী নেতার কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন। এর জবাবে ডিসিদের বলা হয়, জনপ্রতিনিধিদের বাদ দিয়ে তো আর উন্নয়নকাজ করা যাবে না। তাঁদের সঙ্গে মিলেমিশে আইনকানুনের মধ্যে থেকে কাজ করতে হবে।

সম্মেলনে জেলা প্রশাসকদের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা অব্যাহত রাখাসহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়। তাঁরা বলেছেন, ডিসিদের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা না থাকলে নির্বাচনের সময় সংকট তৈরি হতে পারে।

উদ্বোধনের পর জেলা প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা করেন মাঠ প্রশাসনের শীর্ষ এসব কর্মকর্তা। সেখানে উপস্থিত ডিসি ও সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, একজন বিভাগীয় কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখার প্রস্তাব করেন। এখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটরাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। সম্প্রতি হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। আপিল বিভাগ সেই রায় স্থগিত করেছেন। বিষয়টি বিচারাধীন রয়েছে।

এই প্রস্তাবের যুক্তি হিসেবে বলা হয়, ডিসিরা একটি জেলার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ‘মুখ্য সমন্বয়ক’ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। শুধু পুলিশ আইন বা পুলিশ প্রবিধান নয়, ফৌজদারি কার্যবিধিতে জনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা ম্যাজিস্ট্রেটদের। বেআইনি ছত্রভঙ্গ করা থেকে শুরু করে গণ-উপদ্রব দূর করার ব্যবস্থা নেওয়ার প্রধান দায়িত্ব তাঁদের। এমনকি আইনশৃঙ্খলা রক্ষার কাজে জেলায় সামরিক বাহিনী তলবের ক্ষমতাও ফৌজদারি কার্যবিধিতে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বের অংশ। সুতরাং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ক্ষমতা না থাকলে জেলার সার্বিক সমন্বয়কাজে শূন্যতা সৃষ্টি হবে।

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে ডিসিদের নেতৃত্বে জাতীয় ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই ডিসিদের কাছে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা না থাকলে নির্বাচনের সময় সংকট দেখা দিতে পারে।

সভার সূত্র জানায়, প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, এটা বিচারাধীন বিষয়। দেখা যাক, আদালত কী রায় দেন।

মুক্ত আলোচনায় বিভাগীয় কমিশনার ও ডিসিদের অন্তত ৩০ জন অংশ নেন। তাঁদের কেউ কেউ জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের সম্পর্ক এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন।

জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে ডিসিদের কাজ করার নির্দেশনার বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হয়। এ বিষয়টিই হয়তো প্রধানমন্ত্রী আবার ডিসিদের মনে করিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আখতার হোসেন প্রথম আলোকে বলেন, যেকোনো গণতান্ত্রিক দেশে তৃণমূলে জনপ্রতিনিধিদের সঙ্গে মিলেমিশেই কাজ করার কথা। কারণ স্থানীয় পর্যায়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন। প্রধানমন্ত্রী হয়তো কাজের গতি বাড়াতে তাঁদের এমন নির্দেশ দিয়েছেন। একাডেমিক দৃষ্টিতে এটা সঠিক।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি বরগুনার সদর উপজেলার ইউএনও গাজী তারিক সালমনের হেনস্তার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ বিষয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ডিসিদের পক্ষ থেকে প্রশ্নপত্র ফাঁস ও নকল বন্ধে কঠোর নীতিমালা করা, শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আরও নিবিড় করা, প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত কক্ষ নির্মাণ করা, পর্যায়ক্রমে নদী-নালা, খাল-বিল সংস্কারের মাধ্যমে জলাধার সৃষ্টি করাসহ বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। মুক্ত আলোচনায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করতে কঠোরভাবে দায়িত্ব পালন করা, ভিক্ষুকমুক্ত করা এবং দারিদ্র্য দূরীকরণে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতো ১০টি উদ্যোগ নেওয়াসহ বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকেরাও এসব বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

 প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনপ্রতিনিধি, অল্প সময়ের জন্য ক্ষমতায় আসি। কিন্তু আপনাদের চাকরিজীবন দীর্ঘ সময়ের। আমাদের চাকরিজীবন পাঁচ বছর মাত্র। এরপর ভোটে যদি জনগণ নির্বাচিত করে তাহলে আবার আসব। কিন্তু এই পাঁচ বছরে দেশকে কতটুকু দিতে পারলাম, আমরা সব সময় সেই হিসাব করি।’

ডিসিদের দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে আরও রয়েছে, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, যাতে মানুষ শহরমুখী না হয়। শহরের ওপর জনসংখ্যার চাপ যাতে না বাড়ে, সেই ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন তাঁরা। ধনী-দরিদ্রের বৈষম্য কমাতে উন্নয়ন কর্মসূচি এমনভাবে গ্রহণ করা, যাতে সর্বোচ্চসংখ্যক মানুষ উপকৃত হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, গ্রামের মুরব্বি, নেতৃস্থানীয় ব্যবসায়ী, নারী সংগঠক, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, এনজিও কর্মীসহ সমাজের সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসকদের সাধারণ মানুষকে সহজে সুবিচার প্রদান এবং আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতগুলো কার্যকর করতে বলা হয়। আরও বলা হয়, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়ন ও বিকাশে নেতৃত্ব প্রদান করতে হবে। শিক্ষার সর্বস্তরে নারী শিক্ষার হার বৃদ্ধি এবং ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার দাবি

নির্দেশনার মধ্যে আরও রয়েছে ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি এবং সরকারি ভূমি রক্ষায় আরও সচেষ্ট হওয়া। ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণ প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করে এসব অনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে বলা হয়।

স্থানীয় পত্রিকার সম্পাদকের শিক্ষাগত যোগ্যতা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠান শেষ করে বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা হয়। সেখানে মন্ত্রীরা ডিসিদের বিভিন্ন নির্দেশনা দেন। ডিসিরাও বিভিন্ন প্রস্তাব দেন। ডিসিদের প্রস্তাবগুলো আগেই লিখিতভাবে জানানো হয়। এতে নোয়াখালীর জেলা প্রশাসক স্থানীয় পত্রিকা প্রকাশে সম্পাদক ও প্রকাশকদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সুস্পষ্ট বিধান রাখার প্রস্তাব করেন। এই পর্বের আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

একজন ডিসি প্রশ্নপত্র ফাঁস রোধে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণের জন্য জেলা প্রশাসনের সাংগঠনিক কাঠামোতে উপযুক্ত ‘ফটোকপিয়ার’ যুক্ত করার কথা বলেন। কিশোরগঞ্জের ডিসি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদে সভাপতি ও সদস্যপদে নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য নীতিমালা সংশোধন করে কোচিং বন্ধের প্রস্তাব করেন একজন ডিসি। উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দেওয়ার প্রস্তাব করেন বরিশালের ডিসি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ বিষয়ে তাঁদের অবস্থান ও নতুন কিছু নির্দেশনা দেন।

অর্থ বিভাগ সম্পর্কিত আলোচনায় সরকারি কর্মকর্তাদের গৃহনির্মাণ ঋণ, ঘরবাড়ি মেরামত ও মোটরগাড়ি ক্রয়ে অগ্রিমের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেন একজন ডিসি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পর্কিত আলোচনায় সব জেলায় ট্রেজারি ভবন নির্মাণের প্রস্তাব করেন একাধিক ডিসি। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় প্রকল্প প্রণয়নকালে মাঠ প্রশাসনের অভিমত নেওয়ার সুযোগ বৃদ্ধির প্রস্তাব করেন দুজন ডিসি। সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এবং অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান ডিসিদের বিভিন্ন নির্দেশনা দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজস্ব আদায়ে আরও সহায়তার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আলোচনায় টিআর ও কাবিখা কর্মসূচির সঠিক বাস্তবায়নে প্রতিবছর ৩০ মার্চের মধ্যে সব বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন দুজন ডিসি। তাঁরা অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের পর্যাপ্ত সহায়তা দিতে ডিসিদের অনুকূলে বরাদ্দের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 তিন দিনের এই সম্মেলন সামনে রেখে ডিসিরা মোট ৩৪৯টি প্রস্তাব দিয়েছেন। এগুলো নিয়েই আলোচনা হচ্ছে। কাল বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হবে।

প্রতিবছরই এই ডিসি সম্মেলন হয়। সেখান থেকে যেসব সিদ্ধান্ত হয়, তা বছরজুড়ে বাস্তবায়ন করা হয়। এ ছাড়া কিছু মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প থাকে, সেগুলো সেই সময় অনুযায়ী বাস্তবায়ন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, গত বছরের সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ৯০ শতাংশের বেশি বাস্তবায়িত হয়েছে।