জনপ্রতিনিধিদের সতর্ক করে দিয়ে চিঠি
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন ভূমিকা লক্ষ করা যাচ্ছে না। স্থানীয় সরকার আইন অনুযায়ী, এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রেখে এলাকার মানুষের জানমাল রক্ষা করা জনপ্রতিনিধিদের দায়িত্ব। কিন্তু অনেকেই দায়িত্ব পালন না করে হামলাকারীদের উসকে দিচ্ছেন, বিএনপি ও জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতাদের সহায়তা করছেন।
এ অবস্থায় সতর্ক করে দিয়ে তাঁদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য দেশের চার হাজার ৫৪৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ৪৮৭ উপজেলা চেয়ারম্যান ও ৩০৯টি পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে আজ চিঠি পাঠানো হচ্ছে।
এর আগে নিজ নিজ দায়িত্ব পালন না করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮৬ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছিল।
স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে, স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে জনপ্রতিনিধিদের স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে। প্রয়োজনে গ্রাম পুলিশকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি এসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়, জনপ্রতিনিধিরা ঠিকমতো দায়িত্ব পালন না করেন এবং কারও বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ ওঠে, তবে তাঁকে বরখাস্ত করা হবে।