জনপ্রতিনিধিদের সহায়তা চাইল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার চট্টগ্রামের মিরসরাইয়ের হাবিলদারবাসা এলাকার একটি মিলনায়তনে এ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ফেনীর জয়লস্কর বিজিবি-৪ ব্যাটালিয়ন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন। বিজিবি-৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী ওবায়দুল রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জয়লস্কর বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. আলমগীর, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভূঞা, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন আক্তার।
সভায় সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকা, ছাগলনাইয়া উপজেলার সীমান্তহাটে নানা অনিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
বিজিবি-৪-এর অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার বলেন, মাদকমুক্ত জাতি গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক চোরাচালান রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শোহায়েব, দক্ষিণ বল্লভপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন।