জনপ্রতিনিধিদের স্বামী-স্ত্রীর নাম শ্রমিকের তালিকায়!
জনপ্রতিনিধিরা তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তানের নাম কর্মসংস্থান প্রকল্পের শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করে টাকা আত্মসাৎ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ও হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি)৷
এলাকাবাসী ও শ্রমিকসূত্রে জানা গেছে, ইকরচালী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য আফরোজা বেগমের পাকা বাড়ি ও অনেক আবাদি জমি আছে। তাঁর ছেলে রাকিবুল ইসলাম সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগরে চাকরি করেন৷ অথচ তিনি স্বামী নুরুল হকের নাম কর্মসংস্থান প্রকল্পের শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন এবং ব্যাংক থেকে প্রকল্পেরটাকা তুলছেন।
গত মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা গেছে, ওই নারী সদস্যের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বারঘড়ি জামে মসজিদের সামনে ৫ নম্বর ওয়ার্ডের শ্রমিকেরা মাটি কাটার কাজ করছেন। সেখানে ওই নারী সদস্যের স্বামীসহ ৫৯ জন শ্রমিকের মাটি কাটার কথা থাকলেও তাঁর স্বামীকে পাওয়া যায়নি।
শ্রমিক দলের সর্দার দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকের নামের তালিকায় নুরুল হকের নাম থাকলেও তিনি এক দিনও মাটি কাটতে আসেননি।
অভিযোগ স্বীকার করে আফরোজা বেগম বলেন, ‘অফিসে যাতায়াত করতে অনেক খরচ হয়। সরকার কোনো খরচ দেয় না। আমি শুধু নই, ইউনিয়নের প্রায় সব ইউপি সদস্য তালিকায় নিজস্ব দু-একজন লোকের নাম দিয়ে টাকা তুলে পকেট খরচ মেটান।’
হাড়িয়ারকুঠি ইউপির সদস্য আনিছার রহমান ও এনামুল হকেরও টিনের ঘর, আবাদি জমি ও মোটরসাইকেল আছে। আনিছার নিজের ছেলে আবুজার গাফফারী এবং এনামুল হক তাঁর স্ত্রী লিপি বেগমের নাম শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন৷ কিন্তু ওই ব্যক্তিরা কখনো শ্রমিক হিসেবে প্রকল্পের কাজ করেননি৷ অথচ তাঁদের নামে টাকা উত্তোলন করে ওই দুই ইউপি সদস্য আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে এনামুল হক ও আনিছার রহমান বলেন, ‘শ্রমিকদের পরিচালনা করতে প্রতিদিন কিছু করে টাকা খরচ হয়৷ কিন্তু সরকার আমাদের এক টাকাও খরচ দেয় না। খরচের টাকা তুলতে আমাদের এই অনিয়মের আশ্রয় নিতে হচ্ছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট ইউনিয়নের তালিকাভুক্ত গরিব, অসহায় ও কর্মক্ষম বেকার ব্যক্তিরা এ প্রকল্পে কাজ করতে পারবেন। এ কাজে শ্রমিকদের ১৭৫ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। পিআইও রেফাউল আজম বলেন, ইউপি সদস্যরা স্বামী, স্ত্রী, সন্তানদের নাম তালিকাভুক্ত করে টাকা তুলতে পারেন না। এটা অবশ্যই তদন্ত করা হবে।
প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মাওলা বলেন, তদন্ত করে সত্যতা মিললে ওই ইউপি সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।