রাস্তা বড় হবে। এ কারণে বাসার দেয়াল ভাঙতে লাল দাগ দিয়ে নিজেই চিহ্নিত করেন। সকালে দেয়ালে লাল দাগ দিয়ে দুপুরে ভাঙতে যান। বাধা দেওয়ায় বাসায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের চেষ্টা চালান। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে গেলে ঘটনাস্থল ত্যাগ করেন সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুশতাক আহমদ।
গতকাল শনিবার দুপুরের দিকে সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবু নছরের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে বাসা ভাঙচুর ও লুটপাটের চেষ্টার একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সৈয়দ আবু নছর সিলেটের প্রবীণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের সাবেক জেলা সভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি ছিলেন। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন।
আবু নছরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মেন্দিবাগ এলাকার রাস্তা বড় করার কাজ করছে সিটি করপোরেশন। এ জন্য আশপাশ এলাকার বাসাবাড়ির সীমানার মধ্যে পড়া রাস্তার জায়গা পুনরুদ্ধারের কাজ চলছে। গতকাল সকালে তাঁদের বাসার দেয়ালে লাল দাগ দিয়ে যান ওয়ার্ড কাউন্সিলর মুশতাক আহমদ। রাস্তার কোনো জায়গা দেয়ালের ভেতর নেই, এরপরও কেন লাল দাগ দেওয়া হলো—বিষয়টি জানতে চাওয়ায় কাউন্সিলর বেলা দেড়টার দিকে ১০-১২ জন লোক নিয়ে বাসায় ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে আশপাশের এলাকার মানুষ এগিয়ে এলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
সৈয়দ আবু নছরের বড় ছেলে সৈয়দ নুরুজ্জামান তুহিন বলেন, ওয়ার্ড কাউন্সিলর গায়ের জোর দেখিয়েছেন। দেয়ালের ভেতর রাস্তার কোনো জায়গা নেই। এরপরও লাল দাগ দেওয়ার কারণ জানতে চাওয়ায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার কাচের জানালা ভাঙচুর করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কাউন্সিলর মুশতাক আহমদ ওই বাসার দেয়ালের ভেতর রাস্তার জায়গা পড়েছে বলে দাবি করেন। কিন্তু জায়গা উদ্ধার করতে গিয়ে বাসায় ইটপাটকেল নিক্ষেপ করলেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ রকম কিছু হয়নি। সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। পরে আমি সেখান থেকে ফিরে এসেছি।’
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসার জানালা কাচ ভাঙা পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।