জনপ্রতিনিধির বিরুদ্ধে জনতার ক্ষোভ
যশোরের কেশবপুরে এক জনপ্রতিনিধি নিজের মাছের ঘের রক্ষা করতে গিয়ে সরকারি রাস্তা কেটে দেওয়ায় তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী গতকাল রোববার সকালে কেশবপুর শহরে মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ঝিকরা গ্রামের বাসিন্দা ও সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাগর খান ওরফে মনা ও আবদুল গণি ১৯ আগস্ট রাতে শ্রীপুর-শেখপুরা রাস্তার শ্রীপুর নামক স্থানে রাস্তাটি কেটে দিয়ে ঘেরের পানিনিষ্কাশন করেন। এতে পাশের শেখপুরা, শ্রীপুর ও আওলগাতী গ্রাম প্লাবিত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় এসব গ্রামের চার শতাধিক পরিবার। গ্রামবাসীর দাবি, ইউপি সদস্য সাগর ও গণিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরিভিত্তিতে খাদ্যসহায়তা দিতে হবে।
বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ নারী-পুরুষ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রথমে প্রেসক্লাব ও পরে উপজেলা পরিষদে সংক্ষিপ্ত সমাবেশ করে। ইউএনও ছুটিতে থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন স্মারকলিপিটি গ্রহণ করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেন।